Saturday 07 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নারী এশিয়ান কাপ
এখনো কোয়ার্টার ফাইনালের স্বপ্ন দেখছে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
৭ মার্চ ২০২৬ ১৪:৪৭

এশিয়ান কাপের প্রথম ম্যাচে চীনের বিপক্ষে লড়াই করে হেরেছিলেন তারা। লক্ষ্য ছিল উত্তর কোরিয়ার বিপক্ষে দারুণ কিছু করে দেখানোর। তবে কোরিয়ার দাপুটে ফুটবলের সামনে দাঁড়াতেই পারেনি বাংলাদেশ। ৫-০ গোলে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার দ্বারপ্রান্তে বাংলাদেশ নারী দল। বাংলাদেশ কোচ পিটার বাটলার অবশ্য এখনো কোয়ার্টার ফাইনালের স্বপ্ন দেখছেন।

গ্রুপ থেকে সেরা দুই দল যাবে পরের রাউন্ডে। সব গ্রুপ মিলিয়ে সেরা দুই তৃতীয় দলও যাবে কোয়ার্টার ফাইনালে। ২ ম্যাচে শূন্য পয়েন্ট নিয়ে বাংলাদেশের অবস্থান সবার নিচে। শূন্য পয়েন্ট নিয়ে তাদের উপরে আছে উজবেকিস্তান। নিজেদের শেষ ম্যাচে উজবেকদের মুখোমুখি হবে বাংলাদেশ। তাদের হারাতে পারলে সুযোগ থাকবে ইতিহাস গড়ে পরের রাউন্ডে ওঠার।

বিজ্ঞাপন

চীন ও উত্তর কোরিয়া ম্যাচের শিক্ষা উজবেকিস্তানের বিপক্ষে কাজে লাগাতে চান বাটলার, ‘আমাদের প্রত্যাশার ব্যাপারে বাস্তববাদী হতে হবে। আমি সবসময় বলেছি যে, এখানে পৌঁছানোই ছিল আমাদের বিশ্বকাপ। এই মানের দলগুলোকে হারানোর কোনো প্রত্যাশা আমার নেই। আমাদের যাত্রা কি এখন শুরু হচ্ছে? হয়তো এটি একটি জেগে ওঠার ডাক হতে পারে। আমি মনে করি, যাত্রা অনেক আগেই শুরু হয়েছে কিন্তু দল তৈরির ক্ষেত্রে আমরা সেই স্তরে নেই। তাদের অ্যাথলেটিক প্রোফাইল এবং আমাদের পার্থক্য দিন আর রাতের মতো।’

শেষ ম্যাচে নিজেদের কৌশলের কথা জানালেন বাটলার, ‘মেয়েরা আইস বাথ নেবে, এরপর আমরা পার্থে যাব এবং নিজেদের প্রস্তুত করব। আমি জানি, আমি কোন কৌশলে খেলাব। আমি চেয়েছিলাম বড় কোনো ইনজুরি ছাড়াই এ ম্যাচটি শেষ করতে। এটি মেয়েদের জন্য একটি দুর্দান্ত শেখার সুযোগ। আপনারা যা ভুলে যান, তা হলো এই দলটির গড় বয়স সাড়ে ১৯ বছর, আর প্রতিপক্ষের গড় বয়স ২৩-২৪ বছর। তাই আমরা একটি ভিন্ন শক্তির বিরুদ্ধে লড়ছি। আমরা আবার লড়াই করব হাসিমুখে এবং আমাদের সেরাটা দেব। যদি সেটা যথেষ্ট হয়, তবে ভালো, আর না হলে জীবন তার গতিতে চলবে।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর