ঢাকা: রাজধানীর তেজগাঁও এলাকায় ড্যান্ডি (মাদক) খাওয়া নিয়ে দুই পথশিশুর মধ্যে বিবাদের জেরে ময়জুল ওরফে কালু (১৬) নামে এক কিশোর নিহত হয়েছেন।
শুক্রবার (৬ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে তেজগাঁও সোনারগাঁ হোটেল ক্রসিংয়ের সামনে ঘটনাটি ঘটে।
নিহত ময়জুলের বাড়ি ময়মনসিংহে। সে দীর্ঘদিন ধরে কারওয়ান বাজার এলাকায় থেকে ভাঙারি কুড়ানোর কাজ করত।
তাকে হাসপাতালে নিয়ে আসা আলআমিন নামে আরেক পথশিশু জানান, তারা কারওয়ান বাজার এলাকায় থাকে এবং ভাঙারি কুড়ানোর কাজ করে। রাতে সোনারগাঁও ক্রসিং এলাকায় ময়জুলের সঙ্গে আরেক পথশিশু হামিদুলের ড্যান্ডি (মাদক) খাওয়া নিয়ে কথা-কাটাকাটি ও মারামারি শুরু হয়। একপর্যায়ে হামিদুল তার কাছে থাকা ভাঙা কাঁচের টুকরো দিয়ে ময়জুলের মাথা ও ঘাড়ে উপর্যুপরি আঘাত করে। এতে রক্তাক্ত অবস্থায় ময়জুল রাস্তায় লুটিয়ে পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পরপরই সেখানে উপস্থিত লোকজন অভিযুক্ত হামিদুলকে ধরে পুলিশে সোপর্দ করেছে।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ওই পথশিশুর মাথায় ও ঘাড়ে আঘাত রয়েছে। ঘটনাটি তেজগাঁও থানা পুলিশ তদন্ত করছে।