চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে পদ্মা নদীতে মাছ ধরার সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফের রাবার বুলেট ও স্পিড বোটের ধাক্কায় মো. মোরশেদ নামে এক বাংলাদেশি আহত হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ সময় নৌকা থেকে পড়ে আরও এক বাংলাদেশি নিখোঁজ হয়েছেন।
বুধবার (৪ মার্চ) রাতে জেলার শিবগঞ্জ উপজেলার মনোহরপুর সীমান্তে এ ঘটনা ঘটে। শিবগঞ্জের দুর্লভপুর ইউনিয়নের চেয়ারম্যান আজম আলী ও স্থানীয় বাসিন্দারা এ তথ্য নিশ্চিত করেছেন। তবে বিজিবি স্পিড বোটের ধাক্কায় বাংলাদেশি আহত হওয়ার কথা স্বীকার করলেও রাবার বুলেট ছোঁড়ার তথ্য নেই বলে জানিয়েছে।
আহত মোরশেদ মনোহরপুরের মনিমুল ইসলামের ছেলে। অন্যদিকে নিখোঁজ ব্যক্তি মনোহরপুরের চান মলের ছেলে ফকির।
ইউপি চেয়ারম্যান আজম আলী ও স্থানীয়রা জানান, বুধবার রাতে মনোহরপুর সীমান্ত সংলগ্ন পদ্মা নদীতে মাছ ধরছিলেন মোরশেদ ও ফকির। এ সময় বিএসএফের সদস্যরা দূর থেকে তাদের উপর রাবার বুলেট ছোঁড়ে। এক পর্যায়ে বিএসএফের টহলের জন্য ব্যবহৃত স্পিড বোট উঠিয়ে দেওয়া হয় মোরশেদ ও ফকিরের নৌকার উপরে। এতে তাদের নৌকাটি উলটে যায়। পরে অন্য জেলেরা আহত অবস্থায় মোরশেদকে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে ঘটনার পর থেকে নিখোঁজ রয়েছেন মো. ফকির।
চাঁপাইনবাবগঞ্জের ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান বলেন, আহত ও নিখোঁজ বাংলাদেশিরা বাংলাদেশের সীমানা অতিক্রম করে ভারতের ২০০ গজ অভ্যন্তরে চলে যায়। এ সময় বিএসএফের টহল দল তাদের ধাওয়া করে এবং স্পিড বোটের ধাক্কায় একজন আহত ও অপর একজন নিখোঁজ রয়েছেন। তবে সেখানে রাবার বুলেট ছোঁড়া হয়নি।
তিনি আরও বলেন, নিখোঁজ ব্যক্তির বিষয়ে বিএসএফের সঙ্গে যোগাযোগ করা হয়। বিএসএফ জানিয়েছে তারা কাউকে আটক করেনি। কাজেই তিনি নদীতে পড়ে গিয়েই নিখোঁজ রয়েছেন বলে ধারণা করা যাচ্ছে।