ঢাকা:আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উপলক্ষ্যে আয়োজিত সব কার্যক্রমে নির্ধারিত প্রতিপাদ্য ব্যবহারের জন্য দেশের সকল ফাইন্যান্স কোম্পানিকে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
বৃহস্পতিবার (৫ মার্চ) কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ (ডিএফআইএম) থেকে এ সংক্রান্ত ডিএফআইএম সার্কুলার জারি করা হয়েছে। এতে দেশের কার্যরত সব ফাইন্যান্স কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের উদ্দেশ্যে নির্দেশনাটি পাঠানো হয়েছে।
সার্কুলারে বলা হয়েছে, আগামী ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ যথাযোগ্য মর্যাদায় দেশব্যাপী উদযাপন উপলক্ষে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এ বছরের জন্য একটি প্রতিপাদ্য নির্ধারণ করেছে। দিবসটির সকল অনুষ্ঠান, প্রচার ও কার্যক্রমে এ প্রতিপাদ্য ব্যবহার করতে হবে।
নির্ধারিত প্রতিপাদ্যগুলো হলো—ইংরেজি: “Rights. Equality. Action. For All Women and Girls.”
বাংলা: “আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার— সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার।”
কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ফাইন্যান্স কোম্পানিগুলো যেসব কর্মসূচি, আলোচনা সভা, প্রচারণা বা সচেতনতামূলক কার্যক্রম আয়োজন করবে, সেগুলোতে নির্ধারিত প্রতিপাদ্যটি বাধ্যতামূলকভাবে ব্যবহার করতে হবে।
এ নির্দেশনা ফাইন্যান্স কোম্পানি আইন, ২০২৩ এর ধারা ৪১(২)(ঘ) অনুযায়ী জারি করা হয়েছে বলেও সার্কুলারে উল্লেখ করা হয়েছে।
বাংলাদেশ ব্যাংক আশা করছে, নারী ও কন্যার অধিকার সুরক্ষা এবং লিঙ্গসমতা প্রতিষ্ঠার বার্তা ছড়িয়ে দিতে সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠান নির্ধারিত প্রতিপাদ্য অনুসরণ করে দিবসটি যথাযথভাবে পালন করবে।