ঢাকা: বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আহসান এইচ মনসুরকে অপসারণ এবং নতুন গভর্নর হিসেবে মো. মোস্তাকুর রহমানকে নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ মার্চ) সুপ্রিম কোর্টের আইনজীবী আবদুল্লাহ আল মামুন হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট দায়ের করেন।
রিটে অর্থ সচিবসহ সংশ্লিষ্ট কয়েকজনকে বিবাদী করা হয়েছে।
গত ২৫ ফেব্রুয়ারি সরকার আহসান এইচ মনসুরকে গভর্নর পদ থেকে অপসারণ করে মো. মোস্তাকুর রহমানকে বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেবে নিয়োগ দেয়। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়।
একটি প্রজ্ঞাপনে বলা হয়, গভর্নর হিসেবে আহসান এইচ মনসুরের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হয়েছে এবং জনস্বার্থে জারি করা এ আদেশ তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।
অন্য প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ ব্যাংক আদেশ অনুযায়ী মো. মোস্তাকুর রহমানকে অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে তার যোগদানের তারিখ থেকে চার বছরের জন্য বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে নিয়োগ দেওয়া হয়েছে। জনস্বার্থে জারি করা এ আদেশও অবিলম্বে কার্যকর হবে বলে উল্লেখ করা হয়েছে।