ঢাকা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-১ সংসদীয় আসনের ভোট পুনর্গণনার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
বৃহস্পতিবার (৫ মার্চ) বিচারপতি শেখ জাকির হোসেনের একক নির্বাচনি ট্রাইব্যুনাল বেঞ্চ এ আদেশ দেন।
গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী’র প্রার্থী মাওলানা মশিউর রহমান দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে ১ লাখ ১৭ হাজার ৯৬৬ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী কপিল কৃষ্ণ পান ১ লাখ ১৪ হাজার ৫৯০ ভোট।
চিতলমারী, ফকিরহাট ও মোল্লাহাট উপজেলা নিয়ে গঠিত এ আসনে মোট ভোটকেন্দ্র ছিল ১৪৭টি।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট জেলার চারটি সংসদীয় আসনের মধ্যে তিনটিতে জয় পেয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এর মধ্যে বাগেরহাট-২ সংসদীয় আসন (সদর ও কচুয়া) থেকে জয়ী হন শেখ মঞ্জুরুল হক রাহাদ এবং বাগেরহাট-৪ সংসদীয় আসন (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনে বিজয়ী হন আব্দুল আলিম। অন্যদিকে বাগেরহাট-৩ সংসদীয় আসন (রামপাল-মোংলা) আসনে ধানের শীষ প্রতীক নিয়ে জয় পান শেখ ফরিদুল ইসলাম।