Thursday 20 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ফিফা বিশ্বকাপ ২০২৬ / আকাশসীমা বন্ধে অনিশ্চিত ইরাকের বিশ্বকাপ

স্পোর্টস ডেস্ক
৫ মার্চ ২০২৬ ১১:০৮

ইরান-ইসরায়েল চলমান সংঘাতে বিপর্যস্ত পুরো মধ্যপ্রাচ্য। এই সংঘাতের প্রভাব পড়েছে ক্রীড়াঙ্গনেও। এবার মধ্যপ্রাচ্যের আকাশসীমা বন্ধের কারণে হুমকির মুখে পড়েছে ইরাকের ফিফা বিশ্বকাপে অংশ নেওয়া।

মেক্সিকোতে এই মাসের শেষে আন্তঃমহাদেশীয় প্লে-অফে অংশ নেওয়ার কথা রয়েছে ইরাকের। আগামী ৩১ মার্চ মনতেরেতে বলিভিয়া ও সুরিনামের মধ্যকার ম্যাচের বিজয়ীর বিপক্ষে খেলবে তারা। এই ম্যাচের জয়ী দল নিশ্চিত করবে বিশ্বকাপের চূড়ান্ত পর্বের টিকিট।

তবে বর্তমান পরিস্থিতিতে পুরো দলকে সময়মতো মেক্সিকোতে নেওয়া যাবে কি না, তা নিয়েই শঙ্কা দেখা দিয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে বিমান হামলা চালানোর পর পালটা জবাবে ইরান ইসরায়েলসহ উপসাগরীয় কয়েকটি দেশে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। এর জেরে ইরাক তাদের আকাশসীমা বন্ধ ঘোষণা করে, যা সরাসরি প্রভাব ফেলেছে দলের যাত্রাপথে।

বিজ্ঞাপন

এক বিবৃতিতে ইরাক জাতীয় দল জানিয়েছে, ‘আমাদের দলের পরিস্থিতি নিয়ে ফিফা ও এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) সব উন্নয়ন সম্পর্কে পুরোপুরি অবগত। আকাশসীমা বন্ধ থাকায় আমাদের প্রধান কোচ গ্রাহাম আর্নল্ড সংযুক্ত আরব আমিরাত ত্যাগ করতে পারছেন না। এছাড়া একাধিক দূতাবাস বন্ধ থাকায় কয়েকজন খেলোয়াড়, কোচিং স্টাফ ও মেডিকেল টিম মেক্সিকোর ভিসা সংগ্রহ করতে পারছেন না।’

ইরাক আরও জানায়, পরিস্থিতির ওপর নজর রাখছে ফিফা এবং এশিয়ান ফুটবল কনফেডারেশন। সমর্থকদের আশ্বস্ত করে দল বলেছে, সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে।

ইরাক এর আগে মাত্র একবার বিশ্বকাপে অংশ নিয়েছিল ১৯৮৬ সালে। এবার তারা প্লে-অফে ফেভারিট হিসেবেই মাঠে নামবে এবং জয় পেলে এশিয়া থেকে নবম দল হিসেবে চূড়ান্ত পর্বে জায়গা করে নেওয়ার সম্ভাবনা রয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর