Friday 24 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলাদেশ আগ্রাসী শক্তির নিন্দা ও প্রতিবাদ করবে: ইরানি রাষ্ট্রদূতের প্রত্যাশা

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
৪ মার্চ ২০২৬ ১৭:৩৮ | আপডেট: ৪ মার্চ ২০২৬ ২১:১৯

ঢাকায় নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত জলিল রহিমি জাহনাবাদি – ছবি : সংগৃহীত

ঢাকা: যুদ্ধ ইস্যুতে বাংলাদেশ একটি আগ্রাসী শক্তিকে সরাসরি নিন্দা বা এর প্রতিবাদ করবে- বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন ঢাকায় নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত জলিল রহিমি জাহনাবাদি।

বুধবার (৪ মার্চ) ঢাকায় ইরান দূতাবাসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এমন প্রত্যাশা ব্যক্ত করেন।

উল্লেখ্য, বাংলাদেশ সরকার সম্প্রতি ইরান ইস্যুতে দুটি বিবৃতি দিয়েছে। এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে ইরানের রাষ্ট্রদূত বলেন, ইরান ইস্যুতে বাংলাদেশ সরকার এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের দুটি বিবৃতি আমরা দেখেছি। তবে আমরা আশা করি যে বাংলাদেশ যেহেতু ইসলামিক একটা দেশ, মুসলিম একটা দেশ, ওআইসিসহ জোট নিরপেক্ষ আন্দোলন ন্যামের সদস্য দেশ। সে হিসেবে বাংলাদেশ একটি আগ্রাসী শক্তির সরাসরি নিন্দা বা এর প্রতিবাদ করবে- এরকম আমরা আশা করি। আমরা কোনো দেশের কাছ থেকে কোন লজিস্টিক সাপোর্ট চাই না। আমরা শুধু চাই যে, একটা মুসলিম দেশ আক্রান্ত একটা মুসলিম দেশের প্রতি তাদের সহানুভূতি এবং সমর্থন প্রকাশ করবে।

বিজ্ঞাপন

ইরানের বর্তমান পরিস্থিতি তুলে ধরে ইরানের রাষ্ট্রদূত বলেন, ইরান শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই চালিয়ে যাবে। আমাদের দীর্ঘ মেয়াদী যুদ্ধ চালিয়ে যাবার মতো শক্তি রয়েছে। কোনো আগ্রাসী শক্তির কাছে ইরান মাথা নত করবে না।