ঢাকা: প্রাণহানি কমাতে সকল পক্ষকে সংযম প্রদর্শন এবং মধ্যপ্রাচ্যে ও এর বাইরের অস্থিতিশীলতা রোধ করতে সংলাপ এবং কূটনৈতিক উপায়ে সংঘাতের দ্রুত সমাধানের আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
বুধবার (৪ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ে ঢাকা সফররত মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর-এর সঙ্গে বৈঠককালে তিনি এ আহ্বান জানান। এ সময় মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক উত্তেজনার বিষয়টি আলোচনার সময় উঠে আসে।
প্রসঙ্গত দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর দুই দিনের সফরে বর্তমানে ঢাকায় রয়েছেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, আলোচনায় উভয় পক্ষ পারস্পরিক শ্রদ্ধা এবং অভিন্ন স্বার্থের ভিত্তিতে অর্থনৈতিক সম্পর্কসহ দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা হয়েছে।
ড. খলিলুর রহমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকারের ‘বাংলাদেশ প্রথম’ নীতির উপর জোর দেন। তিনি জাতীয় স্বার্থ এবং অভিন্ন সমৃদ্ধি বৃদ্ধির জন্য আঞ্চলিক ও বৈশ্বিক অংশীদারদের সাথে দৃঢ় সম্পর্ক বজায় রাখার ক্ষেত্রে বাংলাদেশের দৃষ্টিভঙ্গির উপর আরও আলোকপাত করেন।
সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর বাংলাদেশে শান্তিপূর্ণ, অবাধ ও উৎসবমুখর সাধারণ নির্বাচনের জন্য আনন্দ প্রকাশ করেন এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকারকে দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানান।
তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানকে লেখা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিনন্দনপত্রের কথাও উল্লেখ করেন এবং আগামী দিনে দুই দেশের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় হবে বলে আস্থা প্রকাশ করেন।
পল কাপুর বৃহত্তর দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির জন্য পারস্পরিক বাণিজ্য চুক্তির বিধান বাস্তবায়নের গুরুত্বের উপরও জোর দেন। পররাষ্ট্রমন্ত্রী নীতিগত ধারাবাহিকতা, বিশেষ করে অর্থনৈতিক ক্ষেত্রে, সরকারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।
উভয় পক্ষ রোহিঙ্গা সমস্যা নিয়েও আলোচনা করেন। পররাষ্ট্রমন্ত্রী রোহিঙ্গাদের জন্য অব্যাহত মানবিক সহায়তার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ জানান এবং সংকটের টেকসই সমাধানের জন্য টেকসই আন্তর্জাতিক সমর্থন কামনা করেন।
উভয় পক্ষ আশাবাদ ব্যক্ত করেন, নিয়মিত উচ্চ-স্তরের সম্পৃক্ততা এবং প্রাতিষ্ঠানিক সংলাপ আগামী বছরগুলিতে বাংলাদেশ-মার্কিন সম্পর্ককে আরও গভীর করবে। এই বৈঠকের আগে, পল কাপুর প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে একটি সংক্ষিপ্ত বৈঠক করেন।