ঢাকা: রাজধানীর ওয়ারীর স্বামীবাগ এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শককে গুলি করে আহত করার ঘটনায় অস্ত্র-গুলিসহ চার জনকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (৪ মার্চ) দুপুর ১টায় ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে ডিসি (ওয়ারী বিভাগ) মল্লিক আহসান উদ্দীন সামি এ তথ্য জানান।
গ্রেফতারকৃতরা হলো- সৈয়দ জিসান আহমেদ (২৯), সৈয়দ হাসিবুল হাসান ওরফে পিয়াস (২২), ওমর ফারুক সায়েম (২১) ও সোলায়মান হোসেন চৌধুরী (২৫)। এ সময় তাদের থেকে দুইটি পিস্তল, একটি রিভালবার, দুইটি ম্যাগাজিন, ২৩ রাউন্ড তাজা গুলি, ৫ রাউন্ড গুলির খোসা ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
ডিসি আহসান উদ্দীন সামি বলেন, গত সোমবার (২ মার্চ) দুপুর ১২টার দিকে ওয়ারী থানাধীন স্বামীবাগস্থ সায়েদাবাদ রেলগেট সংলগ্ন এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের একটি টিম অবৈধ মাদকদ্রব্য উদ্ধার ও গ্রেফতার অভিযান পরিচালনাকালে অজ্ঞাতনামা ৩ থেকে ৪ জন দুষ্কৃতকারী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক সিদ্দিকুর রহমানকে পায়ে গুলি করে পালিয়ে যায়। এ ঘটনায় ওয়ারী থানায় একটি মামলা করা হয়।
তিনি বলেন, মামলাটির পূর্বে ঘটনার সংবাদ পেয়ে তাৎক্ষনিক ওয়ারী থানা পুলিশ ঘটনাস্থলে দুস্কৃতকারীদের পলায়নের রাস্তায় অনুসরণ করলে পুলিশের ধাওয়া খেয়ে একটি অস্ত্র ফেলে যায়। সে সময় ঘটনায় ব্যবহৃত ৪ রাউন্ড গুলি ভর্তি একটি রিভলবার ও পাঁচ রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়। পরবর্তীতে গোপন তথ্যেরে ভিত্তিতে গতকাল মঙ্গলবার (৩ মার্চ) ওয়ারী থানা পুলিশের একটি টিম বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ঘটনায় জড়িত সৈয়দ জিসান আহমেদ, সৈয়দ হাসিবুল হাসান ওরফে পিয়াস ও ওমর ফারুক সায়েমকে গ্রেফতার করে। এ সময় তাদের থেকে ঘটনায় ব্যবহৃত একটি পিস্তল ও দুইটি ম্যাগজিনসহ ১৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
তিনি আরও বলেন, গ্রেফতারকৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে পৃথক অভিযান চালিয়ে একটি পিস্তল ও ৩ রাউন্ড গুলিসহ সোলায়মান হোসেন চৌধুরীকে গ্রেফতার করা হয়। এঘটনায় ওয়ারী থানায় দুইটি মামলা করা হয়েছে ও পৃথক আরো একটি মামলা প্রক্রিয়াধীন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।