ঢাকা: হঠাৎ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক) পরিদর্শন করেছেন স্বাস্থ্য মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। এ সময় বেশকিছু অসংগতির কারণে হাসপাতাল পরিচালককে সেগুলো সমাধানের তাগিদ দেন তিনি।
বুধবার (৪ মার্চ) সকাল ৯টার দিকে তিনি হাসপাতালে যান। ঢাকা মেডিকেলে পুরাতন ভবনের বেশকিছু ওয়ার্ড, জরুরি বিভাগের অপারেশন থিয়েটার ও বার্ন ইউনিট পরিদর্শন করেন তিনি।
পরিদর্শন শেষে বেরিয়ে যাওয়ার সময় স্বাস্থ্য মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন উপস্থিত সাংবাদিকদের বলেন, এখানে রোগীর তুলনায় ফ্যাসিলিটি কম। আরও ডাক্তার দরকার। স্টাফ, নার্সদেরও অপ্রতুলতা রয়েছে।
মন্ত্রী বলেন, আগে যেমন দেখতাম রোগীর বিছানা তেলাপোকা ভরা, এখন সেটি কম। রোগীরা অনেক মেডিসিন পাচ্ছে না, এমন কমপ্লেইন রয়েছে। একটি বাদে বাকি অপারেশন থিয়েটার উন্নত না। এনেস্থেসিয়ার ডাক্তারের সল্পতা রয়েছে। হাসপাতালের বেডসিটসহ বিভিন্ন কাপড় নিন্ম মানের ওয়াশ করানো হয়। এজন্য পরিচালককে বলেছি, বিল কেটে নেওয়ার কথা। আমরা সীমিত সম্পদের মধ্যেই স্বাস্থ্যসেবা সবার দোরগোড়ায় পৌছে দিব। সারাদেশের হাসপাতাল নিয়ে বিগ প্ল্যান রয়েছে।
মন্ত্রী বলেন, আজকে আমি কোন দালাল দেখিনি। হাসপাতালে কাউকে দালালি করতে দিবো না। ট্রলি ভাড়া দিয়ে টাকা নিতে দিবো না। দালালদের কঠোর হস্তে দমন করা হবে।