ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে বৈঠকের মাধ্যমে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর বাংলাদেশ সফর শুরু করেছেন।
এর আগে, পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে বৈঠক করতে বুধবার (৪ মার্চ) সকাল পৌনে ৯টায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসেন পল কাপুর। তিনি পৌনে ১১টায় সচিবালয়ের উদ্দেশ্যে পররাষ্ট্র মন্ত্রণালয় ত্যাগ করেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ে দুই ঘণ্টা পররাষ্ট্র মন্ত্রণালয়ের অবস্থানকালে পল কাপুর দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র বলছে, প্রথমে পল কাপুর বর্তমানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে বৈঠক করেন। এরপর তিনি পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে বৈঠকে বসেন।
সংশ্লিষ্ট বৈঠকগুলোতে রাজনৈতিক বোঝাপড়া, বাণিজ্য চুক্তির বাস্তবায়ন, দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়, মিয়ানমার ও রোহিঙ্গা সমস্যা, আঞ্চলিক ইস্যু-বিশেষ করে, মধ্যপ্রাচ্যে চলমান পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।
এর আগে, দুই দিনের সফরে মঙ্গলবার রাতে ভারত থেকে ঢাকায় আসেন পল কাপুর।
সফরসূচি অনুযায়ী, পল কাপুর আজ অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গেও বৈঠক করবেন। আজ সন্ধ্যায় ব্যবসায়ী প্রতিনিধি দলের সঙ্গে মত বিনিময় করবেন তিনি।
সফরের শেষদিন বৃহস্পতিবার (৫ মার্চ) প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবীরের সঙ্গে বৈঠক করবেন পল কাপুর। এরপর রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে মতবিনিময় করার কথা রয়েছে পলের। সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত ইফতার পার্টিতে অংশ নেবেন তিনি।
পল কাপুরের ঢাকা সফর নিয়ে ঢাকা মার্কিন দূতাবাস সোমবার এক বিবৃতিতে বলেছে, এই সফরের লক্ষ্য যুক্তরাষ্ট্র-বাংলাদেশ কৌশলগত সম্পর্ক আরও জোরদার করা। সফরকালে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি কাপুর নতুন সরকারের বিভিন্ন কর্মকর্তা এবং ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠক করবেন।
বৈঠকে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, নিরাপত্তা সহযোগিতা বৃদ্ধি এবং ইন্দো-প্যাসিফিক অঞ্চলে অভিন্ন স্বার্থ এগিয়ে নেওয়ার বিষয়গুলো নিয়ে আলোচনা হবে।