ঢাকা: ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, জনগণের স্বার্থকে প্রাধান্য দিয়ে ভবিষ্যতে বাংলাদেশ ও ভারতের সরকার পারস্পরিক সহযোগিতামূলক কাজ করবে।
মঙ্গলবার (৩ মার্চ) সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর-এর সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
প্রণয় ভার্মা বলেন, ‘মন্ত্রী হওয়ার পর স্থানীয় সরকারমন্ত্রীর সঙ্গে এটি আমার প্রথম সাক্ষাৎ। পারস্পরিক সহযোগিতার ক্ষেত্রগুলো নিয়ে আলোচনা হয়েছে। দুই দেশই স্থানীয় সরকারের ওপরে বেশ গুরুত্ব দিয়ে থাকে। আমরা নিজস্ব অভিজ্ঞতা দিয়ে কীভাবে একে অন্যকে সহযোগিতা করতে পারি- সেটা নিয়ে আলোচনা হয়েছে।’
দুই দেশের মধ্যে প্রতিনিধি আদান-প্রদান, দক্ষতা উন্নয়ন কর্মসূচিসহ বেশ কিছু বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে বলে জানান প্রণয় কুমার ভার্মা।
তিনি বলেন, ‘দুই দেশেরই উপকার হবে- এ ধরনের যে নতুন নীতিমালা খুঁজে বের করতে আমরা দুই পক্ষই একমত হয়েছি। দুই দেশের জনগণের স্বার্থকে প্রাধান্য দিয়ে বিভিন্ন রকম সহযোগিতামূলক কাজ করতে দুই সরকারই আগ্রহ নিয়ে কাজ করবে।