Tuesday 03 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভূরাজনৈতিক উত্তেজনায় বড় ধস, ১৪ দিনের সর্বনিম্নে ডিএসই সূচক

সিনিয়র করেসপন্ডেন্ট
৩ মার্চ ২০২৬ ১৬:০৫

ঢাকা: আন্তর্জাতিক অঙ্গনে ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরাইল–এর মধ্যে চলমান হামলা-পাল্টা হামলার প্রভাব পড়েছে দেশের পুঁজিবাজারে। টানা উত্তেজনাপূর্ণ পরিস্থিতির কারণে বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ বাড়ছে, এর প্রতিফলন দেখা গেছে পুঁজিবাজারে। ফলে আগের কার্যদিবসে বাজার কিছুটা ঘুরে দাঁড়ালেও সপ্তাহের তৃতীয় কার্যদিবসে বড় পতনের মুখে পড়ে সূচক ১৪ দিনের মধ্যে সর্বনিম্ন অবস্থানে নেমে এসেছে।

বাজার সংশ্লিষ্টদের ধারণা, চলমান ভূরাজনৈতিক উত্তেজনা প্রশমিত হলে বাজারও স্থিতিশীল হয়ে উঠবে। তারা বিনিয়োগকারীদের আতঙ্কিত না হয়ে ধৈর্য ধরে পরিস্থিতি পর্যবেক্ষণের পরামর্শ দিয়েছেন। একই সঙ্গে লেনদেনে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।

বিজ্ঞাপন

বাজার পর্যালোচনায় দেখা যায়, সকালে নেতিবাচক প্রভাব দিয়ে শুরুর পর মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)-এর প্রধান সূচক ডিএসইএক্স ২০৮ দশমিক ৯৮ পয়েন্ট কমে ৫ হাজার ৩২৫ দশমিক ০৬ পয়েন্টে অবস্থান করছে, যা গত ১৪ কার্যদিবসের মধ্যে সর্বনিম্ন। এর আগে ১০ ফেব্রুয়ারি সূচক ছিল ৫ হাজার ৩৯৯ দশমিক ৯৫ পয়েন্টে।

এদিন ডিএসইএস সূচক ৩৬ দশমিক ৩৪ পয়েন্ট হারিয়ে দাঁড়িয়েছে ১ হাজার ৬৩ দশমিক ৩৭ পয়েন্টে। পাশাপাশি ডিএসই-৩০ সূচক ৮৫ দশমিক ৭২ পয়েন্ট কমে ২ হাজার ৫০ দশমিক ১২ পয়েন্টে নেমে এসেছে।

ডিএসই-তে মোট ৩৯১টি কোম্পানি লেনদেনে অংশ নেয়। এর মধ্যে দর বেড়েছে ৩১টির, কমেছে ৩৪৯টির এবং অপরিবর্তিত রয়েছে ১১টির শেয়ারদর।

লেনদেনের পরিমাণেও ঊর্ধ্বগতি দেখা গেছে। এদিন ডিএসই-তে প্রায় ৮৮৫ কোটি ১২ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৭৮৯ কোটি ৯৫ লাখ টাকার। সে হিসাবে একদিনে লেনদেন বেড়েছে প্রায় ১০৫ কোটি ১৭ লাখ টাকা।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)-এ মোট ২৩ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে, যা আগের দিনের ১৯ কোটি ৪৪ লাখ টাকার তুলনায় বেশি।

সিএসই-তে লেনদেনে অংশ নেওয়া ২১৪টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ৪৪টির, কমেছে ১৫৭টির এবং ১৩টির দর অপরিবর্তিত রয়েছে।

এদিন সিএসই’র সার্বিক সূচক সিএএসপিআই ৪২৭ দশমিক ৫০ পয়েন্ট কমে ১৫ হাজার ৭২ দশমিক ৫৪ পয়েন্টে নেমে এসেছে। উল্লেখ্য, আগের কার্যদিবসে সূচকটি ৭৬ দশমিক ৬৮ পয়েন্ট বেড়েছিল।

বাজার বিশ্লেষকদের মতে, বৈশ্বিক অনিশ্চয়তা কেটে গেলে বাজারে স্বাভাবিক প্রবণতা ফিরতে পারে। তাই বর্তমান পরিস্থিতিতে বিচক্ষণতা ও দীর্ঘমেয়াদি দৃষ্টিভঙ্গি নিয়েই বিনিয়োগ সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

সারাবাংলা/একে/এসআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর