Sunday 01 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইরানে হামলায় পুঁজিবাজারে বড় দরপতন

সিনিয়র করেসপন্ডেন্ট
১ মার্চ ২০২৬ ১৭:০৯

ঢাকা: ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার ব্যাপক প্রভাব পড়েছে বাংলাদেশের পুঁজিবাজারে।

পাল্টা-পাল্টি এ হামলার খবরে সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (০১ মার্চ) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের বড় পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের অধ্যাপক মো. আল-আমিন বলেন, “ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার খবরে বিনিয়োগকারীরা আতঙ্কিত হয়ে পড়েছে। ফলে তারা শেয়ার বিক্রির চাপ বাড়িয়ে দিয়েছেন। হঠাৎ শেয়ার বিক্রির চাপ বেড়ে যাওয়া পুঁজিবাজারে সূচকে বড় পতন ঘটেছে।”

বাজার পর্যালোচনা করে দেখা যায়, অনেক দিন ধরে পুঁজিবাজারে লেনদেনের শুরুতে সূচকের উত্থান দেখা গেলেও লেনদেনের শেষদিকে তা পতনে রূপ নেয়। তবে রোববার সকালে লেনদেনে শুরুর এক মিনিটের মধ্যে প্রধান পুঁজিবাজার ডিএসই-তে সূচকের অস্বাভাবিক বড় পতন ঘটে।

বিজ্ঞাপন

এ সময় ডিএসইএক্স সূচক ২২৩.৪৯ পয়েন্ট করে অবস্থান করে ৫ হাজার ৩৭৬.৭৭ পয়েন্টে। তবে সময় বাড়ার সঙ্গে সঙ্গে সূচক পতনের প্রবণতা কিছুটা কমে আসে। একইভাবে সিএসই-তে সূচকের পতনমুখী প্রবণতার মধ্যে দিয়ে লেনদেন শুরু হয়। লেনদেন শেষ হওয়ার আগ পর্যন্ত উভয় পুঁজিবাজারে সূচকের বড় পতন অব্যাহত ছিল।

ডিএসই সূত্রে জানা যায়, দিন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১৩৮.৫৬ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৪৬১.৭০ পয়েন্টে। ডিএসই শরিয়াসূচক ২৬.৫৩ পয়েন্ট কমে ১ হাজার ৮৯.৬৫ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৫২.০৮ পয়েন্ট কমে ২ হাজার ১১৭.৩৭ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসই-তে মোট ৩৮৯টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ৩০টি কোম্পানির, কমেছে ৩৫৩টির এবং অপরিবর্তিত আছে ৬টির।

এদিন ডিএসই-তে মোট ৭৭৫ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়ে ছিল ৯৪৭ কোটি ২৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক আগের দিনের চেয়ে ১৬৫.৪১ পয়েন্ট কমে অবস্থান করছে ৯ হাজার ৪২১.৯২ পয়েন্টে। সার্বিক সূচক সিএএসপিআই ২৪৫.৮৭ পয়েন্ট কমে ১৫ হাজার ৩৫১.২৬ পয়েন্টে, শরিয়াসূচক ১১.৬৫ পয়েন্ট কমে ৯২২.১৯ পয়েন্টে এবং সিএসই ৩০ সূচক ২৮৩.৯৩ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ৯০৮.৬১ পয়েন্টে অবস্থান করছে।

সিএসই-তে মোট ১৮৪টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ৩৩টি কোম্পানির, কমেছে ১৩৭টির এবং অপরিবর্তিত আছে ১৪টির।

এদিন সিএসই-তে ১২ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ১৯ কোটি ৫৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট।

প্রসঙ্গত, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী প্রথম কার্যদিবস রোববার (১৫ ফেব্রুয়ারি) ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ২০০.৭২ পয়েন্ট বেড়ে অবস্থান করে ৫ হাজার ৬০০ পয়েন্টে। আর সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৪৮৪.৩৭ পয়েন্ট বেড়ে অবস্থান করে ১৫ হাজার ৫১৮ পয়েন্টে।

সারাবাংলা/একে/এসআর
বিজ্ঞাপন

কাবা শরিফ: কেন এত পবিত্র?
১ মার্চ ২০২৬ ১৮:২৭

আরো

সম্পর্কিত খবর