Sunday 01 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আসামি হিসেবে জিয়াউল আহসানের সম্মান নিশ্চিতের দাবি আইনজীবীর

স্টাফ করেসপন্ডেট
১ মার্চ ২০২৬ ১৩:৫২ | আপডেট: ১ মার্চ ২০২৬ ১৫:০৬

সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান – ছবি : সংগৃহীত

ঢাকা: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ নতুন চিফ প্রসিকিউটর হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথম কার্যদিবসে আদালতে বক্তব্য দেন মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান-এর বোন ও আইনজীবী নাজনীন নাহার।
তিনি সাবেক চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামের সময়কার অভিজ্ঞতার কথা উল্লেখ করে বলেন, ভবিষ্যতে আদালতে যেন কোনো তুচ্ছতাচ্ছিল্যপূর্ণ বা অনভিপ্রেত আচরণ না হয়।

রোববার (১ মার্চ) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বেঞ্চে প্রথমবারের মতো মামলা পরিচালনা করেন নতুন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। বেঞ্চের অপর সদস্য ছিলেন বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

বিজ্ঞাপন

শুনানির শুরুতে বিচারপতি গোলাম মর্তূজা নতুন চিফ প্রসিকিউটরকে অভিনন্দন জানান। পরে শতাধিক গুম ও হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় জেরা পরিচালনার জন্য দাঁড়িয়ে নাজনীন নাহারও আমিনুল ইসলামকে অভিনন্দন জানান।

এ সময় তিনি বলেন, আদালত যেন তার মর্যাদা বজায় রেখে পরিচালিত হয় এটাই প্রত্যাশা। অতীতে আগের চিফ প্রসিকিউটরের সময়ে যে ধরনের মন্তব্য ও আচরণের মুখোমুখি হতে হয়েছে- তা যেন আর না হয়।
তিনি অভিযোগ করেন, আগের শুনানিতে অপ্রাসঙ্গিক কথা বলা হতো এবং তুচ্ছতাচ্ছিল্যপূর্ণ ভাষা ব্যবহার করা হয়েছে। যা আদালতের পরিবেশের সঙ্গে মানানসই নয়।

নাজনীন নাহার আরও বলেন, মামলার রায় না হওয়া পর্যন্ত আসামি হিসেবে জিয়াউল আহসানকে সম্মান দেওয়ার দাবি জানান তিনি এবং আশা প্রকাশ করেন নতুন চিফ প্রসিকিউটর আদালতের মর্যাদা রক্ষা করবেন।

এর জবাবে চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেন, প্রসিকিউটররা কোনো বিশেষ সুবিধা ভোগ করেন না এবং আদালতের মর্যাদা ক্ষুণ্ণ হয়- এমন কোনো আচরণ করা হবে না।

উল্লেখ্য, মানবতাবিরোধী অপরাধের এ মামলায় একমাত্র আসামি জিয়াউল আহসানের বিরুদ্ধে সাক্ষ্য দেওয়ার পর তৃতীয় দিনের মতো জেরার মুখোমুখি হয়েছেন সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়া।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর