Sunday 01 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নারী এশিয়ান কাপ ফুটবল
রোমাঞ্চ নিয়ে মাঠে নামার অপেক্ষায় বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
১ মার্চ ২০২৬ ১৪:১১

টুর্নামেন্ট শুরুর বাকি আর মাত্র ২ দিন। প্রথমবারের মতো নারী এশিয়ান কাপে খেলতে যাওয়া বাংলাদেশ দল অস্ট্রেলিয়ার মাটিতে অনুশীলন করছে জোরেশোরেই। দলের ফুটবলার ও কোচ পিটার বাটলার, দুই পক্ষই অধীর আগ্রহে অপেক্ষা করছে, কখন মাঠে পা রেখে ইতিহাস গড়বে বাংলাদেশ দল।

মাঠের লড়াই শুরুর খুব দেরি নেই। মঙ্গলবার ৩ মার্চ চীনের বিপক্ষে ম্যাচ দিয়ে নারী এশিয়ান কাপের গ্রুপ পর্বের যাত্রা শুরু করবে বাংলাদেশ। প্রথমবারের মতো এশিয়ার নারী ফুটবল শ্রেষ্ঠত্বের মঞ্চে খেলার হাতছানিতে স্বাভাবিকভাবেই রোমাঞ্চিত খেলোয়াড়রা।

অনুশীলনে ঘাম ঝরানোর পর দলের প্রতিনিধি হয়ে গণমাধ্যমের সাথে কথা বলতে আসা সুরভি আকন্দ প্রীতির কণ্ঠেও এর স্পষ্ট ফুটে উঠল, ‘যদি আমি খেলার সুযোগ পাই, আমি আমার সেরাটা দেওয়ার চেষ্টা করব। এই প্রথমবার বাংলাদেশ এত বড় একটা মঞ্চে আসছে, খেলবে, তো এটা ভালো লাগারই কথা। কাজ তো হচ্ছেই, সব দিক দিয়েই অনুশীলন সেশনে যা আমাদের ভুল-ত্রুটি হয় সেটা ধরিয়ে দেন আমাদের, তো ওইটা শুধরানোর চেষ্টা করি আমরা।’

বিজ্ঞাপন

প্রীতি আরও জানান, ‘আলহামদুলিল্লাহ ভালো (প্রস্তুতি হচ্ছে), সবকিছু মিলিয়ে। এখানে আসার পর আমরা একটা প্র্যাকটিস ম্যাচ খেলছি, তো ওখানে যা ভুল-ত্রুটি হয়েছে, কোচ আমাদের সেটা নিয়ে দুটি ট্রেনিং সেশন করিয়েছেন, ওখানে শুধরাই দেওয়ার চেষ্টা করেছেন। ওই ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে (১-১ ড্র হয়েছিল ম্যাচটি)। আমরা ভালো করেছি, ওরাও তো শক্তিশালী দল।’

কোচ পিটার বাটলার বরাবরের মতো এবারও কোনো প্রতিশ্রুতি দিচ্ছেন না। প্রস্তুতি ম্যাচ খেলতে না পারা, ফিজিও না থাকা-সব বাস্তবতা মেনেই তিনি জানালেন, ‘এশিয়ান কাপ খেলতে আমরা সিডনিতে আছি, এমন এক পর্যায়ে (খেলতে এসেছি), যেখানে বাংলাদেশ আগে কখনও প্রতিযোগিতা করেনি। এখানে আসাটা একটা বিশাল অর্জন। ফলাফল যাই হোক না কেন, আমরা কেবল আমাদের সেরাটা দিতে চাই, আসুন সামনের ৪ বছরের মধ্যে আরও এএফসি যোগ্যতা অর্জনের ভিত্তি স্থাপন করি বাংলাদেশের জন্য। আমাদের শিখতে হবে প্রস্তুতিই সবকিছু।’

সারাবাংলা/এফএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর