Saturday 28 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা থেকে মধ্যপ্রাচ্যের সব ফ্লাইট আপাতত স্থগিত

স্পেশাল করেসপন্ডেন্ট
২৮ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:২০ | আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:২৮

ঢাকা: ইরান এবং যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে পালটা-পালটি হামলায় মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ফ্লাইট চলাচল স্থগিত বা বাতিল করেছে বিভিন্ন দেশের এয়ারলাইন্স কর্তৃপক্ষ। ঢাকা থেকেও আপাতত মধ্যপ্রাচ্যের ফ্লাইট স্থগিত করা হয়েছে। বিমানের একটি ফ্লাইট সৌদি আরবের দাম্মামের উদ্দেশ্যে শাহজালাল ছেড়ে গেলেও মাঝ আকাশ থেকে ফিরে আসছে।

উল্লেখ্য, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও ইউএস-বাংলা বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যের কয়েকটি গন্তব্যে ফ্লাইট পরিচালনা করে।

এয়ারলাইন্স সূত্রে জানা গেছে, উদ্ভূত পরিস্থিতির কারণে শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে ফ্লাইট আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত হয়। তবে আরো বেশ কয়েক ঘণ্টা পরিস্থিতি পর্যবেক্ষণ করে ফ্লাইট চলাচলের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

বিজ্ঞাপন

বিমান বাংলাদেশের জনসংযোগ কর্মকর্তা বোসরা ইসলাম জানান, চলমান যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্যের সব ফ্লাইট আপাতত স্থগিত রাখা হয়েছে।

ইউএস-বাংলা এয়ারলাইন্স কর্তৃপক্ষ জানিয়েছে, ঢাকা থেকে ফ্লাইট আপাতত স্থগিত রাখা হয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। আর দুবাইতে থাকা একটি ফ্লাইট সেখানে নিরাপদে অবস্থান করছে।

এ বিষয়ে সিভিল এভিয়েশনের জনসংযোগ কর্মকর্তা কাউসার মাহমুদ জানিয়েছেন, হযরত শাহজালাল বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়েছে, আপাতত ফ্লাইট চলাচল হোল্ড রাখা হয়েছে।

এদিকে, বিমানের বিজি৩৪৯ নাম্বার ফ্লাইটটি ঢাকা থেকে দাম্মাম যাচ্ছিল। সেটি মাঝপথ থেকে ফিরে আসছে বলে জানা গেছে।

ইরানে সামরিক অভিযান শুরু করেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক বাহিনী। যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাবে মধ্যপ্রাচ্যের মার্কিন স্থাপনা ও সামরিক বাহিনী লক্ষ্য করে হামলা চালিয়েছে তেহরান। এই অবস্থায় মধ্যপ্রাচ্যের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ রয়েছে।

এই প্রেক্ষিতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর কর্তৃপক্ষ সকল সংশ্লিষ্ট এয়ারলাইন্সকে নিম্নোক্ত নির্দেশনা প্রদান করেছে—

ফ্লাইট বাতিল বা বিলম্ব সংক্রান্ত তথ্য যাত্রীদের এসএমএস, ই-মেইল ও কল সেন্টারের মাধ্যমে অগ্রিমভাবে অবহিত করতে হবে।

সংশ্লিষ্ট এয়ারলাইন্সের স্টাফদের বিমানবন্দরে উপস্থিত থেকে যাত্রীদের প্রয়োজনীয় তথ্য প্রদান ও দিকনির্দেশনা নিশ্চিত করতে হবে।

পুনঃনির্ধারিত ফ্লাইট সংক্রান্ত স্পষ্ট ও সমন্বিত তথ্য প্রদান নিশ্চিত করতে হবে, যাতে অপ্রয়োজনীয় ভোগান্তি পরিহার করা যায়।

এই রুটসমূহে ভ্রমণের পরিকল্পনায় থাকা সম্মানিত যাত্রীদের নিজ নিজ এয়ারলাইন্স অফিস বা ট্রাভেল এজেন্সির সঙ্গে জরুরি ভিত্তিতে যোগাযোগ করে ফ্লাইট স্ট্যাটাস যাচাই ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানানো যাচ্ছে।

পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত যাত্রী নিরাপত্তা ও অপারেশনাল স্বাভাবিকতা নিশ্চিতকল্পে সংশ্লিষ্ট সকলের সমন্বিত সহযোগিতা কামনা করা হচ্ছে।

অন্যদিকে, এত বার্তায় বিমান জানিয়েছে, মধ্যপ্রাচীগামী যেসব ফ্লাইট দাম্মাম, জেদ্দা, মদিনা, রিয়াদ, শারজাহ, আবুধাবিসহ যেসব গন্তব্যে যাত্রীদের যাত্রার শিডিউল ছিল, তাদের অনুরোধ করা হচ্ছে তারা যেন বিমান বাংলাদেশ এয়ারলাইনস-এর সঙ্গে যোগাযোগ ব্যতিরেকে এয়ারপোর্টে না আসেন (যোগাযোগ ১৩৬৩৬)।

এ অবস্থায় যাত্রী সাধারণের সহানুভূতি ও সহযোগিতা কামনা করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর