সিলেট: প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, ক্ষমতায় আসার পর বিএনপি’র নির্বাচনী ইশতেহার অনুযায়ী খুব শিগগিরই আমরা প্রবাসীদের জন্য ‘প্রবাসী কার্ড’ চালু করবো।
আর স্পেনে অবস্থানরত আন-ডকুমেন্টেড ২৫ হাজার বাংলাদেশীকে সে দেশে বৈধকরণের জন্য প্রবাসী কল্যাণ-পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে দ্রুততম সময়ের মধ্যে কীভাবে এটি সমাধান করা যায়- সে পদক্ষেপ নেওয়া হবে।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) সিলেট সার্কিট হাউজে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে আরিফুল হক চৌধুরী এসব কথা বলেন।
তিনি বলেন, আমরা ১৮০ দিনের যে অগ্রাধিকার ভিত্তিক কর্মসূচী হাতে নিয়েছি, এতে আমাদের বন্ধ হয়ে থাকা শ্রমবাজার বিশেষ করে মধ্যপ্রাচ্য, সৌদি আরব ও মালয়েশিয়াসহ যেসব দেশে শ্রমবাজার বন্ধ রয়েছে সেগুলো চালুর বিষয়ে দ্রুত পদক্ষেপ নেয়া হবে। এ বিষয়ে মাস খানেকের মধ্যে আপনারা ফিডব্যাক পাবেন। প্রধানমন্ত্রীর নির্দেশে এ বিষয়ে একটা স্ট্যান্ডিং কমিটি করে দেয়া হয়েছে এবং এ কমিটিতে শিক্ষা মন্ত্রণালয়কেও অন্তর্ভুক্ত করা হয়েছে।
প্রেস ব্রিফিং উপস্থিত বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, এখন পর্যন্ত আমাদের নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বাজার স্থিতিশীল রয়েছে এবং আমরা এটা সামনের দিনগুলোতেও স্থিতিশীল রাখতে সক্ষম হব ইনশাআল্লাহ।
পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী বলেন, আমাদের এই সিলেট পানি সম্পদ মন্ত্রণালয়ের একটা জোন। এখানে চারটি জেলা সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার ও সুনামগঞ্জ। এটা একটা বর্ডার এলাকা, এখানে সীমান্তের ওপার হতে ঢলের পানি আসে এবং এখানে বন্যা হয়। এই এলাকাকে বন্যামুক্ত রাখা আমাদের জন্য চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জটা আমরা মোকাবেলা করতে সক্ষম হবো। এ অঞ্চলকে নদীভাংগণ হতে রক্ষা করতে জরুরী ভিত্তিতে যেখানে যা করা দরকার প্রয়োজন অনুযায়ী আমরা তাই করবো।