চমক দেখিয়ে গ্রুপ পর্বের বাঁধা পেরিয়ে সুপার এইটে উঠেছিলেন তারা। সুপার এইটের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের কাছে বিধ্বস্ত হলেও এখনো টুর্নামেন্টে টিকে আছে জিম্বাবুয়ে। আজ দ্বিতীয় রাউন্ডের মহা গুরুত্বপূর্ণ এক ম্যাচে মুখোমুখি ভারত-জিম্বাবুয়ে। জিম্বাবুয়ে অলরাউন্ডার রায়ার্ন বার্ল বলছেন, বোলিং বৈচিত্র্য দিয়েই ভারতকে কুপোকাত করবেন তারা।
দুই সাবেক চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কাকে হারিয়ে, গ্রুপ পর্বে অপরাজিত থেকে সুপার এইটে পা রাখে জিম্বাবুয়ে। কিন্তু এই ধাপে প্রথম ম্যাচে তারা পাত্তাই পায়নি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। ওয়াংখেড়ে স্টেডিয়ামে ২০ ওভারে ২৫৪ রান তোলে ক্যারিবিয়ানরা, টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে যা দ্বিতীয় সর্বোচ্চ দলীয় সংগ্রহ। জিম্বাবুয়ে ম্যাচ হারে ১০৭ রানের ব্যবধানে।
আজ ভারতের বিপক্ষে ম্যাচটা তাই জিম্বাবুয়ের জন্য বাঁচা মরার। ভারতকেও অবশ্য এই ম্যাচ জিততেই হবে।
ম্যাচের আগে লেগ স্পিনিং অলরাউন্ডার বার্ল বললেন, বোলিং বৈচিত্র্য দিয়ে ভারতকে চ্যালেঞ্জ জানাতে পারবেন তারা, ‘আমাদের কাছে অনেক বিকল্প আছে, আর এটা সম্ভবত জিম্বাবুয়ে বোলিং লাইনআপের একটি সুবিধা। আমাদের একজন বাঁহাতি পেসার আছে, একজন ডানহাতি পেসার আছে, আমাদের কয়েক জন লেগ স্পিনার আছে, একজন অফ স্পিনার আছে, একজন বাঁহাতি স্পিনার আছে।’
বার্ল আরও জানান, ‘তাই আমাদের দলে গভীরতা অনেক। আমার মনে হয়, লড়াইটা কেমন হবে, সেটা নির্ভর করবে ওই সময়ে মাঠে থাকা ব্যাটসম্যান এবং আমরা কোন কম্বিনেশন নিয়ে খেলছি, তার ওপর।’
চেন্নাইয়ের এমএ চিদাম্বারাম স্টেডিয়ামে ভারত-জিম্বাবুয়ে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায়।