Friday 21 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

‘ভাষা আন্দোলনের চেতনাতেই গড়ে উঠবে বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ’

স্টাফ করেসপন্ডেন্ট
২১ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:৩৯

ঢাকা: ভাষা আন্দোলনের চেতনাকে ধারণ করেই একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক ও সার্বভৌম বাংলাদেশ গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন।

তিনি বলেন, ভাষা আন্দোলনের পথ ধরেই মহান মুক্তিযুদ্ধের সূচনা হয়েছিল এবং সেই ধারাবাহিকতায় দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার নিশ্চিত করাই বর্তমান সরকারের মূল লক্ষ্য।

শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে কেন্দ্রীয় শহিদ মিনারে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির পক্ষ থেকে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

ইশরাক হোসেন উল্লেখ করেন, একটি গণতান্ত্রিক, মুক্ত ও স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র গঠনের যে প্রত্যাশা নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) লড়াই করে আসছে, তা এখনো অপরিবর্তিত রয়েছে।

বিজ্ঞাপন

বিগত সরকারের তীব্র সমালোচনা করে প্রতিমন্ত্রী বলেন, গত ১৭ বছরে দেশের নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে এবং গণতন্ত্রকে ক্ষতবিক্ষত করা হয়েছে। যারা নিজেদের মুক্তিযুদ্ধের একমাত্র দাবিদার বলে প্রচার করত, তারাই আসলে মুক্তিযুদ্ধের মূল চেতনাকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করেছে। দেশকে লুটপাট, গুম ও হত্যার রাজনীতির দিকে ঠেলে দেওয়া হয়েছিল বলেও তিনি মন্তব্য করেন।

বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও জনআকাঙ্ক্ষা প্রসঙ্গে তিনি বলেন, দীর্ঘ সংগ্রামের পর একটি নির্বাচনের মাধ্যমে আমরা পুনরায় গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় ফিরে এসেছি এবং একটি নির্বাচিত সরকার গঠিত হয়েছে। এখন জনগণের প্রত্যাশা পূরণ করাই আমাদের প্রধান দায়িত্ব। দেশের বিভিন্ন অঞ্চলের এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের আলাদা আলাদা দাবি ও প্রত্যাশা থাকতে পারে, সেই বিষয়গুলোকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সরকার কাজ করছে।

ভাষা আন্দোলনের তাৎপর্য ব্যাখ্যা করে ইশরাক হোসেন আরও বলেন, বায়ান্নর আন্দোলনের মূল চেতনা ছিল দল-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার সমান অধিকার। পাহাড়ি কিংবা সমতলের মানুষ, সবাই যেন সমান নাগরিক সুবিধা ভোগ করতে পারে, এমন একটি রাষ্ট্র গড়াই আমাদের লক্ষ্য। শহিদ মিনারের প্রাঙ্গণে দাঁড়িয়ে তিনি একটি স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। শ্রদ্ধা নিবেদনকালে তার সঙ্গে বিএনপির মহানগর পর্যায়ের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর