Saturday 22 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সুষ্ঠু ও সর্বজন গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিয়েছে পুলিশ: ডিএমপি কমিশনার

স্টাফ করেসপন্ডেন্ট
১৮ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:৫৬ | আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০২৬ ০০:১৫

– ছবি : সংগৃহীত

ঢাকা: ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠা দিয়ে একটি সুষ্ঠু ও সর্বজন গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিয়েছে পুলিশ।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাজারবাগস্থ বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে জানুয়ারি-২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত ডিএমপির পুলিশ সদস্যদের উদ্দেশে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

পুলিশ সদস্যদের ধন্যবাদ জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, নির্বাচনে আপনারা নিরপেক্ষতা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করেছেন। পুলিশ তার হারানো গৌরব পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছে। আগামী দিনগুলোতে পুলিশের এই ভাবমূর্তি ধরে রাখার জন্য সবাইকে কাজ করার নির্দেশ দেন তিনি।

বিজ্ঞাপন

সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) মো. সরওয়ার (অতিরিক্ত আইজি) বলেন, রমজানে ইফতারের পূর্বে ট্রাফিকে প্রচণ্ড চাপ বাড়ে। সেই সময়ে যানজট নিরসনে সংশ্লিষ্ট সকলকে যথাযথ দায়িত্ব পালন করার নির্দেশ দেন, যাতে জনসাধারণ নির্বিঘ্নে বাসায় গিয়ে ইফতার করতে পারে। ট্রাফিক আইন মেনে চলার জন্য সবাইকে অনুরোধ জানান তিনি।

অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) এসএন মো. নজরুল ইসলাম বলেন, সামনে একুশে ফেব্রুয়ারি ও অমর একুশে বই মেলার মত বড় অনুষ্ঠান রয়েছে। এছাড়া পবিত্র মাহে রমজানে বিশেষ করে তারাবির সময় চুরি, ছিনতাই যাতে কোন ভাবেই সংঘটিত হতে না পারে সেজন্য সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার নির্দেশ দেন তিনি।

মাসিক অপরাধ সভায় জানুয়ারি মাসে ঢাকা মহানগরের আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা বিধানসহ উত্তম কাজের স্বীকৃতি হিসেবে বিভিন্ন ক্যাটাগরিতে ডিএমপির বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাগণকে পুরস্কৃত করেন ডিএমপি কমিশনার।

সারাবাংলা/এমএইচ/এসআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর