Saturday 22 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

জামায়াতের ইশতেহার: স্বাস্থ্যসেবা-শ্রমিক সুরক্ষায় বিমা কর্মসূচির ঘোষণা

স্টাফ করেসপন্ডেন্ট
৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:১১ | আপডেট: ৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:১২

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনি ইশতেহারে স্বাস্থ্যসেবা ও শ্রমিক সুরক্ষায় বীমাভিত্তিক একাধিক কর্মসূচির ঘোষণা দিয়েছে জামায়াতে ইসলামী। ইশতেহারে পর্যায়ক্রমে জাতীয় স্বাস্থ্য বিমা চালু এবং ডিজিটাল হেলথ কার্ড প্রবর্তনের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

বুধবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জামায়াতে ইসলামীর নির্বাচনি ইশতেহার ঘোষণা করা হয়।

ইশতেহার অনুযায়ী, সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ধাপে ধাপে জাতীয় স্বাস্থ্য বিমা ব্যবস্থা চালু করা হবে। পাশাপাশি দ্রুত চিকিৎসাসেবা নিশ্চিত করা, রোগীর চিকিৎসা-সংক্রান্ত তথ্য সংরক্ষণ এবং পরিচয় যাচাই সহজ করতে ডিজিটাল হেলথ কার্ড চালুর পরিকল্পনার কথা বলা হয়েছে।

বিজ্ঞাপন

এছাড়া শিক্ষার্থীদের জরুরি ও জটিল রোগের চিকিৎসায় সহায়তার জন্য ‘শিক্ষার্থী ফান্ড’ গঠন এবং শিক্ষার্থীদের জন্য আলাদা বীমা চালুর কথাও জামায়াতের ইশতেহারে উল্লেখ করা হয়েছে।

শ্রমিক সুরক্ষার বিষয়ে ইশতেহারে বলা হয়েছে, হঠাৎ কর্মহীন হয়ে পড়া শ্রমিকদের জন্য বিদ্যমান ভাতা কর্মসূচির পরিসর বাড়ানো হবে। একই সঙ্গে চাকরি হারালে নির্দিষ্ট সময় পর্যন্ত আর্থিক সহায়তা দিতে কর্ম বিমা চালুর প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। এতে অনিশ্চিত কর্মসংস্থানে নিয়োজিত শ্রমিকরা উপকৃত হবেন বলে আশা করা হচ্ছে।

আর্থিক খাতে শৃঙ্খলা ফেরাতে জামায়াত আর্থিক খাত সংস্কার কমিশন গঠনের অঙ্গীকার করেছে। পাশাপাশি ব্যাংক ও ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের খেলাপি ঋণ দ্রুত সহনীয় পর্যায়ে নামিয়ে আনার প্রতিশ্রুতিও দিয়েছে জামায়াত।

ইশতেহারে ইসলামী ব্যাংক ও বিমা খাতের বিকাশে প্রয়োজনীয় সহায়তা প্রদানের কথাও উল্লেখ করা হয়। একই সঙ্গে নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণির জীবনযাত্রা সহজ করতে করমুক্ত আয়ের সীমা ধাপে ধাপে ৫ লাখ টাকা পর্যন্ত উন্নীত করার প্রস্তাব দিয়েছে জামায়াতে ইসলামী।

সারাবাংলা/এসএ/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর