ঢাকা: জুলাই-আগস্টে কারফিউ জারি করে গণহত্যায় উসকানিসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় নিজেদের নির্দোষ দাবি করেছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হক। একই সঙ্গে তারা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাছে ন্যায়বিচার প্রত্যাশা করেন।
সোমবার (১২ জানুয়ারি) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১–এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। প্যানেলের অন্য দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
এর আগে সালমান ও আনিসুলের অব্যাহতি চেয়ে করা তাদের আইনজীবীদের আবেদন নামঞ্জুর করেন ট্রাইব্যুনাল। পরে বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ প্রসিকিউশনের আনা পাঁচটি সুনির্দিষ্ট অভিযোগ পাঠ করেন। অভিযোগ পাঠ শেষে ট্রাইব্যুনাল আসামিদের কাছে জানতে চাইলে তারা কাঠগড়ায় দাঁড়িয়ে নিজেদের নির্দোষ দাবি করে বলেন, তারা ন্যায়বিচার চান।
অভিযোগ গঠনের মধ্য দিয়ে মামলার বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল। একই সঙ্গে সূচনা বক্তব্য উপস্থাপন ও সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ১০ ফেব্রুয়ারি দিন ধার্য করা হয়।
পাঁচ অভিযোগের মধ্যে প্রথমটিতে বলা হয়, ২০২৪ সালের জুলাই-আগস্টের আন্দোলন দমনে নীতিগত সিদ্ধান্তে সক্রিয় ছিলেন সালমান এফ রহমান ও আনিসুল হক। এ বিষয়ে ১৯ জুলাই তাদের মধ্যে ফোনালাপ হয়। সেখানে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক রাতেই কারফিউ জারি করে আন্দোলনকারীদের ‘শেষ করে দেওয়ার’ কথা বলেন। তাদের ধারাবাহিক ষড়যন্ত্র ও উসকানির ফলে বহু ছাত্র-জনতা প্রাণ হারালেও নির্যাতন বন্ধে কোনো উদ্যোগ নেওয়া হয়নি।
দ্বিতীয় অভিযোগে বলা হয়, তাদের জ্ঞাতসারে ২৩ জুলাই মিরপুরে হত্যাকাণ্ড সংঘটিত হয়। তৃতীয় অভিযোগে মারণাস্ত্র ব্যবহারে প্ররোচনা ও ষড়যন্ত্রের কথা উল্লেখ করে বলা হয়, ২৮ জুলাই মিরপুর-১০ এলাকায় হত্যাযজ্ঞ চালানো হয়। চতুর্থ অভিযোগ অনুযায়ী, কারফিউ জারি করে ৪ আগস্ট মিরপুর-১ এলাকায় আকাশ, সেতু, আলভীসহ ১২ জনকে হত্যা করা হয়।
পঞ্চম অভিযোগে বলা হয়, ৫ আগস্ট ছাত্র-জনতার ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচি ঠেকাতে সালমান এফ রহমান ও আনিসুল হক পরিকল্পনা করেন। তাদের নির্দেশে মিরপুর-২, ১০ ও ১৩ নম্বর এলাকায় হামলায় আল-আমিন, আশরাফুল, সাব্বির, রিতাসহ অন্তত ১৬ জন নিহত হন।
উল্লেখ্য, গত ৪ ডিসেম্বর ট্রাইব্যুনাল-১ এসব অভিযোগ আমলে নেয়। একই দিন সকালে প্রসিকিউশন ফরমাল চার্জ দাখিল করে।