রাজবাড়ী: রাজবাড়ীতে বেড়েছে সব ধরণের শীতকালীন সবজির দাম। পর্যাপ্ত শীতকালীন সবজি বাজারে সরবরাহ না থাকার কারণে চড়া সবজির বাজার। প্রতিটা সবজির দর বেড়েছে কেজিতে ১০ থেকে ৪০ টাকা। এতে ভোগান্তিতে পরেছে মধ্যবিত্ত ও স্বল্প আয়ের মানুষ। তবে কমেছে পেঁয়াজের দাম।
শুক্রবার (৯ জানুয়ারি) সকালে গিয়ে এমন চিত্র দেখা গেছে রাজবাড়ী শহরের বড় বাজারে।
বড় বাজারের খুচরা সবজির দোকান ঘুড়ে দেখা গেছে, নতুন সাদা আলু প্রতি কেজি বিক্রি হচ্ছে ৩০ টাকা ও লাল আলু ৩৫টাকা। যেখানে কিছু দিন আগেও বিক্রি হয়েছে সাদা আলু ২০টাকা ও লাল আলু ২৫ টাকা দরে। মরিচ বিক্রি হচ্ছে ১২০টাকা কেজি। যেখানে কিছুদিন আগেও বিক্রি হয়েছে ৬০ টাকাতে। ফুল কপি বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকায়। যা কিছুদিন আগে বিক্রি হয়েছে ২০ টাকায়। তবে বাধা কপি আগের দামেই ২০টাকা কেজিতে বিক্রি হচ্ছে।
দাম বেড়ে পেঁপে প্রতি কেজি ৪০ টাকা, খিড়া ও শশা ৬০ টাকা, সিম ৪০ থেকে ৫০টাকা, গাজর ৩০ থেকে ৪০ টাকা, লম্বা বেগুন ৫০ টাকা ও গোল বেগুন ৬০ টাকা, কুমড়া প্রতি কেজি ৪০ টাকা, মুলা ৩০ টাকা, ব্রোকলি প্রতি পিচ ৫০টাকা, রসুন ৮০ টাকা কেজি, টমেটো ৬০ টাকা কেজি, আদা ১৪০ টাকা কেজি, করলা ৬০ টাকাতে বিক্রি হচ্ছে। তবে দাম কুমেছে পেঁয়াজের। প্রতি কেজি নতুন পেঁয়াজ মান ভেদে ৩০ টাকা থেকে ৫৫ টাকাতে বিক্রি হচ্ছে। যা কিছু দিন আগে ছিল ৫০ থেকে ৮০ টাকায়।
এছাড়া বেড়েছে লাউয়ের দাম। আকার ভেদে লাউ বিক্রি হচ্ছে ৬০ থেকে ৮০ টাকাতে। লেবু দেশি ৩০ থেকে ৪০ টাকা হালি ও হাইব্রিড ১৫ থেকে ২৫ টাকা, কাঁচা কলা ২০ থেকে ৩০ টাকা প্রতি হালি বিক্রি হচ্ছে।
বেড়েছে লাউ শাকের দাম কিন্তু অন্যান্য শাক আগের দামই রয়েছে। ১আঁটি লাউ শাক বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ টাকায়, পালং শাক, লাল শাক, সবুজ শাক, মেথির শাক প্রতি আঁটি বিক্রি হচ্ছে ৮ থেকে ১০ টাকাতে, মটর শাকের আঁটি ১০ টাকা, ডাটা ২০ টাকা আঁটি, পেঁয়াজ ফুলের আঁটি বিক্রি হচ্ছে ১০ টাকাতে।
বাজার করতে আসা রতন জানান, সব সবজির দামই বৃদ্ধি পেয়েছে। এখন শীতকাল এখন সবজির দাম থাকবে কম। কিন্তু দেখা যাচ্ছে কিছুদিন আগে যে ফুলকপি বিক্রি হয়েছে ২০ টাকায় সেটা এখন ৬০ টাকা। এখন যদি সবজির দাম এতটা বৃদ্ধি পাই তাহলে কুমবে আর কবে।
খুচরা সবজি বিক্রেতা ঈমন ও শাহীন জানান, কিছু দিনের মধ্যে আবার দাম কুমে আসবে। শীতের কারণে কৃষক সকালে ক্ষেত থেকে সবজি তুলতে পারছেন না। দুদিন ধরে বাজারে সবজি কম আসছে। তাপমাত্রা বাড়লে সবজির সরবরাহ দ্রুত বাড়বে, দামও কমে যাবে।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর রাজবাড়ী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক (অদা.) মো. মাহমুদুল হাসান বলেন, কিছু দিন আবহাওয়া ভালো না থাকায় ও শীতের কারণে কৃষক সবজি তুলতে পারছে না। এজন্য আমদানি অনেক কম। আবহাওয়া স্বাভাবিক হতে শুরু করেছে, কয়েক দিনের ভেতর দাম কমে আসবে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম যেন স্বাভাবিক থাকে এবং নিয়ন্ত্রণের মধ্যে থাকে সে লক্ষ্যে কাজ করে যাচ্ছি। আর্থিক জরিমানাসহ অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থাও নেওয়া হচ্ছে।