নেত্রকোনা: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে নেত্রকোনার ৫টি আসনে ৩০ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। তাদের এসব মনোনয়নপত্র যাচাই-বাছাই করে ৫ জনের স্থগিত, ৫ জনের বাতিল ও ২০ জন প্রার্থীর মনোনয়নপত্রের বৈধতা ঘোষণা করা হয়েছে।
জেলার সবচেয়ে উল্লেখযোগ্য প্রার্থীর মধ্যে নেত্রকোনা-৪ আসনে বিএনপির সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ও নেত্রকোনা-১ আসনে বিএনপি কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামালের প্রার্থিতা বৈধ বলে ঘোষণা করা হয়েছে।
শনিবার (৩ জানুয়ারি) প্রার্থী-সমর্থকদের উপস্থিতিতে যাচাই-বাছাই শেষে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তার মো. সাইফুর রহমান এ ঘোষণা দেন।
নেত্রকোনা-১ আসন: বিএনপি মনোনীত প্রার্থী কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল, বাংলাদেশ খেলাফত মজলিসের মনোনীত প্রার্থী সাবেক এমপি গোলাম রব্বানী, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী আনোয়ার হোসেন খান শান্ত, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) মনোনীত প্রার্থী আলকাছ উদ্দীন মীর, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত আব্দুল মান্নান-এর মনোনয়নপত্র বৈধতা পেয়েছেন।
তবে বাতিল করা হয়েছে সমাজতান্ত্রিক দলের মো. বেলাল হোসেন ও স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা মো. লুৎফুর রহমান খান ডিপটির মনোনয়নপত্র।
নেত্রকোনা-২ আসন: বিএনপির মনোনীত প্রার্থী জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক, জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যাপক এনামুল হক, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মো. আব্দুল কাইয়ুম, জাতীয় পার্টির মনোনীত প্রার্থী এবিএম রফিকুল হক, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মো. ফাহিম রহমান খান পাঠান-এর মনোনয়নপত্র বৈধ বলে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়।
এ আসনে যাচাই-বাছাই করে মনোনয়নপত্র বাতিল করা হয়েছে- বাংলাদেশ খেলাফত আন্দোলনের মনোনীত প্রার্থী কেন্দ্রীয় কমিটির সহকারী মহাসচিব গাজী মুহাম্মদ আব্দুর রহীম রুহীর। স্থগিত রাখা হয়েছে ইসলামী ঐক্যজোটের মনোনীত প্রার্থী মো. শরীফ উদ্দিনের মনোনয়নপত্র।
নেত্রকোনা-৩ আসন: বিএনপি মনোনীত প্রার্থী জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম হিলালী, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি বিএনপির বিদ্রোহী প্রার্থী মো. দেলোয়ার হোসেন ভূইয়া দুলাল, জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যাপক খায়রুল কবীর নিয়োগী-এর মনোনয়ন ফরম বৈধ ঘোষণা করা হয়েছে।
এ আসনে যাচাই-বাছাই করে স্থগিত ঘোষিত হয়েছে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী আবুল হোসেন তালুকদার, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মো. জাকির হোসেন, ইসলামী ফ্রন্ট মনোনীত প্রার্থী মো. শাসছুদ্দোহার।
নেত্রকোনা-৪ আসন: এ আসনে হেভিওয়েট প্রার্থী বিএনপির মনোনীত প্রার্থী সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়েছে। সেই সঙ্গে বৈধ বলে ঘোষিত হয়েছে তার স্ত্রী তাহমিনা জামান শ্রাবণীকে স্বতন্ত্র প্রার্থী ।
এ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মো. আল হেলাল তালুকদার, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মো. মোখলেছুর রহমানের প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়েছে।
এদিকে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি মনোনীত প্রার্থী জলি তালুকদারের প্রার্থীতা স্থগিত রয়েছে। বাতিল করা হয়েছে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি মনোনীত প্রার্থী চম্পা রাণী সরকারের প্রার্থিতা।
নেত্রকোনা-৫ আসন: বিএনপির মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও পূর্বধলা উপজেলা বিএনপির আহ্বায়ক আবু তাহের তালুকদার, খেলাফত আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী জেলা শাখার আমির মো. নূরুল ইসলাম হাকিমির প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়েছে।
এ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মো. মাসুম মোস্তফার প্রার্থীতা স্থগিত ও বাতিল করা হয়েছে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী ওয়াহিদুজ্জামান তালুকদার আজাদের প্রার্থিতা।
জানতে চাইলে জেলা রিটার্নিং অফিসার মো. সাইফুর রহমান জানান, বাতিল ও স্থগিত প্রার্থীরা তাদের প্রয়োজনীয় কাগজপত্র জমাসহ উপযুক্ত কারণ দর্শানোর সুযোগ রয়েছে।