Friday 21 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রাবিতে শহিদ ওসমান হাদির গায়েবানা জানাজা

রাবি করেসপন্ডেন্ট
২০ ডিসেম্বর ২০২৫ ২০:৫৮

জানাজায় সর্বস্তরের মানুষ অংশ নেন। ছবি: সারাবাংলা

রাবি: জুলাই আন্দোলনের সম্মুখসারির সংগঠক ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহিদ ওসমান হাদির গায়েবানা জানাজা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২০ ডিসেম্বর) আছরের নামাজের পর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনে এ জানাজা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন মসজিদ থেকে আসা মুসল্লিসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মী এবং সর্বস্তরের মানুষ অংশ নেন।

জানাজা শেষে রাকসু’র সহ-সাধারণ সম্পাদক (এজিএস) মোঃ সালমান সাব্বির বলেন, ‘বিপ্লবীরা কখনো মরে না— তারা মানুষের হৃদয়ে চিরঞ্জীব হয়ে বেঁচে থাকে। জুলাই আন্দোলনের সম্মুখসারির যোদ্ধাদের হত্যা করে এ দেশে আধিপত্য কায়েম করা যাবে এমন ভাবনা সম্পূর্ণ ভুল।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘আমার দুটি স্পষ্ট দাবি আছে। প্রথমত, হাদি ভাইয়ের হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার করে দ্রুত বিচার নিশ্চিত করতে হবে। হত্যাকারীরা পালিয়ে গেছে— এ ধরনের কোনো অজুহাত আমরা মেনে নেব না। দ্বিতীয়ত, মিডিয়া ও টকশোতে তথাকথিত সুশীলতার আড়ালে যারা বিভ্রান্তিকর বক্তব্য ছড়াচ্ছে, তাদেরও বিচারের আওতায় আনতে হবে। সবশেষে, আমরা শহিদ হাদি ভাইয়ের জন্য দোয়া করি— আল্লাহ যেন তাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন। আমিন ‘

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. মাঈন উদ্দিন বলেন, ‘কয়েকজন বীর শহিদের আত্মত্যাগ কখনো কোনো আন্দোলনকে থামাতে পারে না, বরং একজন বীর শহিদ হলে জন্ম নেয় আরও শত শত বীর। বিপ্লবী শহিদ ওসমান হাদির গায়েবানা জানাজায় আমি তার রুহের মাগফিরাত কামনা করছি এবং আল্লাহর কাছে দোয়া করছি— তিনি যেন তাকে প্রকৃত শহিদের মর্যাদা দান করেন।’

তিনি আরও বলেন, ‘হাদি ছিলেন বাংলাদেশের একজন প্রকৃত সন্তান। দেশকে নিয়ে তার ভালোবাসা ও চিন্তাভাবনা ছিল অসাধারণ। অল্প বয়সেই সে কিভাবে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নেওয়া যায় এ বিষয়ে গভীর উপলব্ধি ও ইতিহাস সম্পর্কে বিস্তৃত জ্ঞান অর্জন করেছিল, যা অনেক প্রবীণ রাজনীতিবিদদের মধ্যেও দেখা যায় না।’

এসময় বক্তারা শহিদ হাদির আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার আদর্শ ও দেশপ্রেম নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণা হিসেবে তুলে ধরেন। পাশাপাশি শহিদ হাদির স্মৃতি সংরক্ষণ এবং তার আদর্শ বাস্তবায়নের আহ্বান জানান তারা।

জানাজায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মাঈন উদ্দিন, জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক আখতার হোসেন মজুমদার, রাকসুর নেতৃবৃন্দ এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

সারাবাংলা/এনএমই/জিজি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর