Saturday 22 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

হাদিকে গুলির ঘটনায় বেনাপোল সীমান্তে কড়া নজরদারি

লোকাল করসপন্ডেন্ট
১৩ ডিসেম্বর ২০২৫ ১৪:৫০ | আপডেট: ১৩ ডিসেম্বর ২০২৫ ১৬:২৩

সন্দেহভাজন ব্যক্তিদের থামিয়ে জিজ্ঞাসাবাদ ও তল্লাশি করছে বিজিবি। ছবি: সারাবাংলা

বেনাপোল: রাজধানীর বিজয়নগর এলাকায় ঢাকা–৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর হামলার ঘটনার পর সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এই ঘটনায় জড়িতরা যেন বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে যেতে না পারে, সে লক্ষ্যেই বেনাপোল সীমান্তে ব্যাপক নজরদারি ও তল্লাশি কার্যক্রম চালানো হচ্ছে।

যশোর ব্যাটেলিয়ান (৪৯ বিজিবি) সূত্র জানিয়েছে, ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ মেইন পিলার ১৮/১ এস থেকে ৪৭/৩ এস পর্যন্ত প্রায় ৭০.২৭৪ কিলোমিটার এলাকাজুড়ে কড়া তল্লাশি কার্যক্রম চলমান রয়েছে। সীমান্তের গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে বাড়ানো হয়েছে টহল ও গোয়েন্দা নজরদারি। এছাড়াও সীমান্তে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত বিজিবি।

বিজ্ঞাপন

৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, ওসমান হাদির ওপর হামলার ঘটনায় জড়িতরা যাতে কোনোভাবেই সীমান্ত অতিক্রম করে ভারতে পালাতে না পারে, সেজন্য বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। সীমান্তের প্রতিটি পয়েন্টে তল্লাশি কার্যক্রম জোরদার করা হয়েছে।

বেনাপোল আইসিপি, আমড়াখালি, সাদীপুর, রঘুনাথপুর, ঘিবা, শিকারপুর, শালকোনা, কাশিপুর, মাসিলা, আন্দুলিয়া এবং পাঁচপিসতলা এলাকাসহ সীমান্তসংলগ্ন বিভিন্ন স্থানে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত বিজিবি সদস্য। সকাল থেকেই এসব এলাকায় যানবাহন ও সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি অব্যাহত রয়েছে।

বিজিবির যশোর ব্যাটালিয়নের সহকারী পরিচালক সোহেল আল মুজাহিদ জানান, তার সরাসরি তত্ত্বাবধানে নজরদারি কার্যক্রম চলমান রয়েছে। সীমান্তে যেকোনো ধরনের অনুপ্রবেশ বা অপরাধমূলক তৎপরতা রোধে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করছে বিজিবি। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই নজরদারি ও তল্লাশি কার্যক্রম অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর