Saturday 22 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

খালেদা জিয়ার শারীরিক অবস্থায় উল্লেখযোগ্য পরিবর্তন নেই

স্টাফ করেসপন্ডেন্ট
৮ ডিসেম্বর ২০২৫ ১১:৩৩ | আপডেট: ৮ ডিসেম্বর ২০২৫ ১৩:১৯

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ছবি: সংগৃহীত

ঢাকা: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার তেমন কোনো পরিবর্তন হয়নি বলে জানিয়েছে এভারকেয়ার হাসপাতালের মেডিকেল বোর্ড। গত কয়েক দিনে একাধিক পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন হলেও তার মূল শারীরিক জটিলতাগুলো এখনও নিয়ন্ত্রণে আসেনি।

মেডিকেল সূত্র জানায়, খালেদা জিয়ার ডায়াবেটিস, কিডনি, হৃদযন্ত্র ও ফুসফুসজনিত সমস্যা ওঠানামা করছে। এ কারণে বেশ কয়েক দিন ধরে তাকে আইসিইউ-সমমানের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

রোববার (৮ ডিসেম্বর) রাতের সর্বশেষ পর্যালোচনায় চিকিৎসকরা জানান, আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় শারীরিক অবস্থার পরিবর্তনের ওপরই তার লন্ডনে যাওয়ার সিদ্ধান্ত নির্ভর করবে। আপাতত তার অবস্থায় কোনো নতুন উন্নতি বা অবনতির লক্ষণ দেখা যায়নি।

বিজ্ঞাপন

শনিবার রাতে মেডিকেল বোর্ড জরুরি বৈঠক করে পরিস্থিতি পর্যালোচনা করে। এরপর শনিবার ও রোববার আরও কয়েক দফা পরীক্ষা করা হয়। আজ বোর্ডের আরেকটি বৈঠক হওয়ার কথা রয়েছে, যেখানে সর্বশেষ রিপোর্টের ওপর ভিত্তি করে চিকিৎসা পরিকল্পনা পরিবর্তনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ও চিকিৎসক ডা. জুবাইদা রহমান লন্ডন থেকে ঢাকায় ফিরে নিয়মিত খালেদা জিয়ার পাশে অবস্থান করছেন।

গত ২৩ নভেম্বর রাতে হঠাৎ শ্বাসকষ্ট দেখা দিলে বেগম খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় এবং তখন থেকেই তিনি উন্নত পর্যবেক্ষণে রয়েছেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর