Friday 20 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভারতের অনুমতি না মেলায় বুড়িমারীতে আটকে ভুটানের পণ্য

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩০ নভেম্বর ২০২৫ ২১:২২ | আপডেট: ১ ডিসেম্বর ২০২৫ ০০:১৬

বুড়িমারী স্থলবন্দরে আটকে ভুটানের পণ্য

লালমনিরহাট: বাংলাদেশের সড়কপথ হয়ে ভারতের ভেতর দিয়ে ভুটানে পরীক্ষামূলকভাবে পণ্য পাঠানোর উদ্যোগে অচলাবস্থা দেখা দিয়েছে। ভারতীয় কর্তৃপক্ষের অনুমতি না পাওয়া পর্যন্ত থাইল্যান্ড থেকে আসা ভুটানের একটি কনটেইনার লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দরে আটকে গেছে।

উচ্চপর্যায়ের সূত্র জানায়, ব্যাংককভিত্তিক আবিত ট্রেডিং কোম্পানি লিমিটেড ভুটানের আমদানিকারকের জন্য ফলজুস, জেলি, শুকনো ফল, লিচু ফ্লেভারের ক্যান্ডি, শ্যাম্পু ও কন্ডিশনারসহ ৬ ধরনের পণ্য পাঠায়। চট্টগ্রাম সমুদ্রবন্দরে পৌঁছানোর পর ২৮ নভেম্বর কনটেইনারটি বুড়িমারী সীমান্তের উদ্দেশে রওনা হয়।

বিজ্ঞাপন

বাংলাদেশ ও ভুটানের মধ্যে ২০২৩ সালের প্রটোকল চুক্তি এবং ২০২৪ সালের এপ্রিলের বৈঠক অনুযায়ী পরীক্ষামূলক দুটি ট্রানশিপমেন্ট চালান পাঠানোর সিদ্ধান্ত থাকলেও ভারতীয় কাস্টমসের অনুমোদন চ্যাংড়াবান্ধা স্থলবন্দরে এখনো এসে না–পৌঁছানোয় চালানটি স্থবির হয়ে আছে।

বুড়িমারীর সিঅ্যান্ডএফ এজেন্ট বেনকো লিমিটেডের মালিক ফারুক হোসেন জানান, ভারতীয় অনুমতি না থাকায় কনটেইনারটি কয়েক দফা চেষ্টা করেও সীমান্ত পার করা যায়নি। অনুমোদন পেলেই ভুটানের উদ্দেশে পাঠানো হবে।

বুড়িমারী স্থলবন্দরের সহকারী পরিচালক (ট্র্যাফিক) মাহমুদুল হাসান বলেন, কনটেইনারটি বন্দরের মাঠে অবস্থান করছে। স্থল শুল্ক স্টেশনের সহকারী কমিশনার দেলোয়ার হোসেন জানান, কাস্টমসের সব প্রক্রিয়া সম্পন্ন হলেও ভারতীয় অনুমতি ছাড়া ছাড়পত্র দেওয়া সম্ভব নয়। অনুমতি দিলে ভুটানের পরীক্ষামূলক ট্রানশিপমেন্ট ভারতে প্রবেশ করবে।

বিজ্ঞাপন

৩ সিটিতে নির্বাচন জুনে, তফসিল ঈদের পর
২০ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:০২

আইন সবার জন্য সমান: ভূমিমন্ত্রী মিনু
২০ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:২১

আরো

সম্পর্কিত খবর