Thursday 20 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

যে কারণে বিশ্বকাপ ড্র অনুষ্ঠান বর্জন করবে ইরান

ফাহিম মাশরুর স্পোর্টস করেসপন্ডেন্ট
২৯ নভেম্বর ২০২৫ ০৮:৪৪

বিশ্বকাপ ড্রয়ের অনুষ্ঠানে যাবে না ইরান

ফিফা বিশ্বকাপের বাকি আর মাত্র ৭ মাস। এরই মধ্যে ২০২৬ বিশ্বকাপের টিকিট কেটেছে ৪২ দল। আগামী ৫ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে অনুষ্ঠিত হবে আগামী বিশ্বকাপের ড্র। তবে ড্রয়ের আগেই বিতর্কের জন্ম দিল এবারের বিশ্বকাপ। রাজনৈতিক কারণে এবারের বিশ্বকাপের ড্রয়ের অনুষ্ঠান বর্জনের ঘোষণা দিয়েছে এশিয়া থেকে মূল পর্ব নিশ্চিত করা ইরান।

বেশ কয়েক বছর ধরেই ইরান-যুক্তরাষ্ট্র সম্পর্কটা ভালো যাচ্ছে না। রাজনৈতিক এই দ্বন্দ্বের প্রভাবটা পড়েছে খেলাতেও। নিষেধাজ্ঞা, পালটা নিষেধাজ্ঞায় দুই দেশের সম্পর্ক যেন সাপে-নেউলে।

বিশ্বকাপের ড্রকে সামনে রেখে যুক্তরাষ্ট্রে যেতে ইচ্ছুক ছিলেন ইরানের বেশ কয়েকজন প্রতিনিধি। তবে যুক্তরাষ্ট্র তাদের ভিসা দিতে অস্বীকৃতি জানিয়েছে। আর এতেই বেঁকে বসেছে ইরান।

বিজ্ঞাপন

ইরান ফুটবল ফেডারেশনের মুখপাত্র মেহেদি তাজ রাষ্ট্রীয় টেলিভিশনকে বলেন, ‘আমরা ফিফাকে জানিয়েছি যে এই সিদ্ধান্তগুলোর সঙ্গে খেলাধুলার কোনো সম্পর্ক নেই এবং ইরানি প্রতিনিধিদলের সদস্যরা বিশ্বকাপ ড্রতে অংশ নেবে না।’

তাজ আরও বলেন, ‘আমরা ফিফা প্রধান ইনফান্তিনোকে জানিয়েছি যে এটি পুরোপুরি একটি রাজনৈতিক অবস্থান এবং ফিফাকে অবশ্যই যুক্তরাষ্ট্রকে এ ধরনের আচরণ থেকে বিরত থাকতে বলতে হবে।’

জানা গেছে, প্রতিনিধিদলের চার সদস্যকে ৫ ডিসেম্বরের ড্রতে অংশ নেওয়ার জন্য ভিসা দেওয়া হয়েছে। সেই চারজনের মধ্যে আছেন দলের কোচ আমির ঘালেনোয়ি।

টানা চতুর্থবারের মতো বিশ্বকাপের মূল পর্বে খেলবে ইরান। শেষ পর্যন্ত ইরানের সমর্থকরা বিশ্বকাপের জন্য ভিসা পাবেন কিনা, সেটাই এখন বড় প্রশ্ন।

বিজ্ঞাপন

আরো

ফাহিম মাশরুর - আরো পড়ুন
সম্পর্কিত খবর