Wednesday 08 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদারের আহ্বান নেপাল রাষ্ট্রদূতের

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
২২ অক্টোবর ২০২৫ ২০:৩৮ | আপডেট: ২২ অক্টোবর ২০২৫ ২৩:৩৯

বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারী- ( ফাইল ছবি : সংগৃহীত)

ঢাকা: নেপাল-বাংলাদেশ সহযোগিতামূলক সম্পর্ক আরও বেশি জোরদারের আহ্বান জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারী। বাণিজ্য ও বিনিয়োগ, জ্বালানি, শিক্ষা, পর্যটন ও দুই দেশের জনগণের মধ্যে বিনিময় এবং স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের ক্ষেত্রগুলোতে সহযোগিতা বাড়ানোর আহ্বান জানান তিনি।

মঙ্গলবার (২১ অক্টোবর) ঢাকার ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে নেপাল-বাংলাদেশ সম্পর্ক : বর্ধিত অর্থনৈতিক ও শিক্ষাগত সহযোগিতার পথ শীর্ষক এক আলোচনায় রাষ্ট্রদূত এসব কথা বলেন।

বুধবার (২২ অক্টোবর) ঢাকাস্থ নেপাল দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বিজ্ঞাপন

রাষ্ট্রদূত ভান্ডারী তার বক্তব্যে দক্ষিণ এশীয় দুই প্রতিবেশীর মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্ব এবং ক্রমবর্ধমান অংশীদারিত্বের কথা উল্লেখ করেন। দ্বিপাক্ষিক সম্পর্কের পূর্ণ সম্ভাবনা উন্মোচনের জন্য অর্থনীতি ও শিক্ষাখাতে সম্পৃক্ততা বৃদ্ধির প্রয়োজনের ওপরও জোর দেন তিনি।

নেপালের পররাষ্ট্র নীতির অগ্রাধিকার, নেপাল-বাংলাদেশ সম্পর্কের ক্রমবর্ধমান গতিশীলতা এবং দক্ষিণ এশিয়ায় যৌথভাবে সমৃদ্ধি ও সংযোগের ক্ষেত্রে সার্ক, বিমসটেক এবং বিবিআইএন উদ্যোগের মতো আঞ্চলিক ও উপ-আঞ্চলিক সহযোগিতা কাঠামোর গুরুত্ব নিয়েও আলোচনা করেন তিনি। পরে মুক্ত আলোচনায় শিক্ষার্থী ও অনুষদ সদস্যদের সঙ্গে বিস্তারিত আলাপ করেন রাষ্ট্রদূত। এসময় তিনি শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

এর আগে ডিআইইউ উপাচার্য এবং বিশ্ববিদ্যালয়টির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে পৃথক বৈঠকে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এবং নেপালের শীর্ষস্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে অনুষদ এবং শিক্ষার্থী বিনিময় কর্মসূচিসহ একাডেমিক সহযোগিতা সম্প্রসারণের বিষয়েও আলোচনা করা হয়।

সারাবাংলা/একে/এসআর