Friday 21 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ফ্রান্সে পবিত্র মিলাদুন্নবী (সা.) মাহফিল সম্পন্ন

নজমুল হক, ফ্রান্স থেকে
১৭ সেপ্টেম্বর ২০২৫ ০০:০৮

ফ্রান্সে পবিত্র মিলাদুন্নবী (সা.) মাহফিল । ছবি: সংগৃহীত

ফ্রান্স: পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে ফ্রান্সে এক বিশেষ মাহফিলের আয়োজন করা হয়েছে। আনজুমানে আল ইসলাহ ফ্রান্স-এর উদ্যোগে আয়োজিত এই মাহফিলটি সোমবার (১৫ সেপ্টেম্বর) রাজধানী প্যারিসের অভারভিলা এলাকার একটি হলরুমে অনুষ্ঠিত হয়।

ধর্মীয় আবহ এবং আধ্যাত্মিক উচ্ছ্বাসে পরিপূর্ণ এই আয়োজন প্রবাসী মুসলিম কমিউনিটির জন্য এক অনন্য সমাবেশ ছিল। এতে বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসলিম অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মাওলানা মাসুক আহমদ এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মাওলানা কাজী আব্দুল মুহিত। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত এরপর হামদ-নাত পরিবেশনা করা হয়।

বিজ্ঞাপন

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (রহ.)-এর নাতি, জার্মানির এরফোর্ট বিশ্ববিদ্যালয়ের পিএইচডি গবেষক, তায়্যিবাহ ফাউন্ডেশন সিলেটের প্রতিষ্ঠাতা পরিচালক, বিশিষ্ট লেখক ও গবেষক হযরত মাওলানা হাফিজ মারজান আহমদ চৌধুরী ফুলতলী।

তিনি তার প্রাঞ্জল বক্তব্যে বলেন, ‘ঈদে মিলাদুন্নবী (সা.) কোনো নতুন ইবাদতের নাম নয়, বরং এ দিনটি আমাদের জন্য প্রিয়নবী হযরত মুহাম্মদ মুস্তাফা (সা.)-এর স্মৃতিচারণ, তার মহান জীবনাদর্শ ও শিক্ষাকে আত্মস্থ করার এক মহাসুযোগ। নবীর প্রেম, নবীর আনুগত্য ও নবীর সুন্নাহ অনুসরণ ছাড়া মুসলমানের জন্য মুক্তির অন্য কোনো পথ নেই।’

তিনি আরও বলেন, ‘আজকের বিশ্বে ইসলামের শান্তির বার্তা পৌঁছে দিতে হলে আমাদের নবীজীর (সা.) জীবন থেকে শিক্ষা নিতে হবে এবং মুসলিম উম্মাহকে বিভাজনের পরিবর্তে ঐক্যের পতাকাতলে আসতে হবে।’

অনুষ্ঠানে ফ্রান্সের বিভিন্ন শহর থেকে আগত বিশিষ্ট আলেমরা তাদের বক্তব্য নবীজীর জন্ম, তার দাওয়াতি জীবন, সমাজ সংস্কার, মানবতার মুক্তির বার্তা ও আধ্যাত্মিক নেতৃত্বের গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

মাহফিলে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি উপস্থিত ছিলেন। পরিবার-পরিজনসহ মুসল্লিরা অত্যন্ত মনোযোগ সহকারে ক্বিরাত, হামদ-নাত ও বয়ান উপভোগ করেন। সমগ্র অনুষ্ঠানজুড়ে ছিল এক আধ্যাত্মিক পরিবেশ।

শেষে দেশ, জাতি, মুসলিম উম্মাহ এবং প্রবাসী বাংলাদেশিদের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে দোয়া ও মুনাজাত পরিচালনা করা হয়।

আনজুমানে আল ইসলাহ ফ্রান্স-এর নেতারা জানান, প্রতিবছরের মতো এ বছরও পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে এ আয়োজন করা হয়েছে এবং ভবিষ্যতেও প্রবাসে ইসলামি সংস্কৃতি ও মূল্যবোধ সমুন্নত রাখতে তারা নিয়মিত কার্যক্রম চালিয়ে যাবেন।

সারাবাংলা/এইচআই
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর