Friday 21 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সংঘর্ষে নিহত রাসেল ছোট থেকেই নুরাল পাগলের ভক্ত ছিলেন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৬ সেপ্টেম্বর ২০২৫ ১৮:৪১ | আপডেট: ৬ সেপ্টেম্বর ২০২৫ ১৯:৫৪

নুরাল পাগলার আস্তানায় সংঘর্ষে নিহত রাসেল। ছবি: সংগৃহীত

রাজবাড়ী: রাজবাড়ীর গোয়ালন্দে নুরাল পাগলার আস্তানায় বিক্ষুব্ধ জনতার হামলা, অগ্নিসংযোগ ও ভক্তদের পাল্টা সংঘর্ষে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। এতে পক্ষের অর্ধ শতাধিক মানুষ আহত হয়। এ ঘটনায় প্রাণ হারিয়েছেন রাসেল মোল্লা (২৮) নামের এক যুবক। ওই যুবক ছোটবেলা থেকেই নুরাল পাগলার দরবারের ভক্ত ছিলেন।

নিহত রাসেল মোল্লা জেলার গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের জটু মিস্ত্রিপাড়ার আজাদ মোল্লার ছেলে। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে। নিহত রাসেল মোল্লা মেটাল ইন্ডিস্ট্রিজ’র কাভার্ডভ্যান চালক ছিলেন।

নিহতের বাবা ও দেবগ্রাম ইউনিয়ন পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান আজাদ মোল্লা বলেন, ‘রাসেল ছোটবেলা থেকেই গোয়ালন্দ পাক দরবার শরিফে যাওয়া-আসা করত। দরবারকে সে ভালোবাসত। তার দাদাও ওই দরবারের ভক্ত ছিলেন। গতকাল রাসেল দরবারে গিয়ে সংঘর্ষে পড়েন। তাকে হাতুড়ি দিয়ে মুখে পেটানো হয়, পেছনে কুপিয়ে গুরুতর জখম করা হয়। রক্তক্ষরণে আমার ছেলে মারা গেছে। আমার ছেলের কোনো দোষ ছিল না। আমি হত্যার বিচার চাই।’

বিজ্ঞাপন

মামলার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘মামলার বিষয়ে এখনো আমরা কোনো সিদ্ধান্ত নেইনি। আমাদের লোকজন আছে। তাদের সঙ্গে আলোচনা করে পরে সিদ্ধান্ত জানাতে পারব।’

এদিকে নুরাল পাগলার আস্তানায় হামলার সময় পুলিশের গাড়ি ভাঙচুরের অভিযোগে অজ্ঞাতনামা ৩ হাজার ৫০০ জনকে আসামি করে উপ-পরিদর্শক সেলিম মোল্লা বাদী হয়ে গোয়ালন্দ ঘাট থানায় মামলা করেন।

রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. শরীফ আল রাজীব বলেন, ‘নুরাল পাগলার আস্তানায় হামলার সময় পুলিশের গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা করা হয়েছে। আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।’

সারাবাংলা/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর