Monday 24 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

জামায়াতে ইসলামীর অবস্থান বোঝা মুশকিল: হাবিব উন নবী

স্টাফ করেসপন্ডেন্ট
১৯ আগস্ট ২০২৫ ২২:১০ | আপডেট: ২০ আগস্ট ২০২৫ ০০:৫৫

বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল

ঢাকা: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল বলেছেন, জামায়াতে ইসলামী কখন কার সঙ্গে আছে আর কখন নেই—তা বোঝা মুশকিল।

তিনি অভিযোগ করেন, কখনো তারা বিএনপির সঙ্গে, কখনো আবার আওয়ামী লীগের সঙ্গে থেকেছে। এমনকি সরাসরি কারও সঙ্গে না থেকেও ভেতরে ভেতরে দুই দলে লোক বসিয়ে রাখার রাজনীতি করেছে।

মঙ্গলবার (১৯ আগস্ট) বিকেলে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

জামায়াতের রাজনৈতিক আচরণের সমালোচনা করে সোহেল বলেন, ‘একটি দল কখন যে কার সঙ্গে, মতিগতি বুঝি না। ৯৬ সালে হঠাৎ করে আওয়ামী লীগের সঙ্গে জোট বাঁধল, আরও কয়েকটি দল নিয়ে আন্দোলন শুরু করল। যে দল ৭২-৭৫ সালে গণহত্যা চালিয়েছে, সেই দলকে ক্ষমতায় বসানো হলো—এটা বিস্ময়কর।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘জামায়াত সংস্কারের কথা বলে। কিন্তু প্রশ্ন হচ্ছে, নিজেদের মধ্যে তারা কোনো সংস্কার করেছে কি?’

সভায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উদ্দেশ করে সোহেল বলেন, ‘আমার নেতা শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রক্তের কণিকা হয়তো এখনো চট্টগ্রাম সার্কিট হাউজে লেগে আছে। প্রিয় নেতা, সেই রক্ত আপনাকে ডাকছে। খুনের বদলা খুন নয়, কিন্তু আপনার পিতার স্বপ্ন পূরণ করেই আপনি প্রকৃত প্রতিশোধ নেবেন।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী। সাধারণ সম্পাদক রাজীব আহসানের সঞ্চালনায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান, নজরুল ইসলাম খান, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ, শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু প্রমুখ উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এফএন/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর