Friday 21 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

হামজাদের নতুন জার্সিতে ‘জামদানি-সুন্দরবন-ইলিশ’ মিলেমিশে একাকার

ফাহিম মাশরুর স্পোর্টস করেসপন্ডেন্ট
১৭ মে ২০২৫ ১২:০৬ | আপডেট: ১৭ মে ২০২৫ ১৪:৫৬

বাংলাদেশের নতুন হোম জার্সির ডিজাইন

বাংলাদেশের হোম জার্সি মানেই যেন লাল-সবুজের মিশ্রণ। বহু বছরের এই প্রথা অবশেষে ভাঙল। সিঙ্গাপুরের বিপক্ষে দেশের মাটিতে এশিয়ান কাপের বাছাইপর্বের ম্যাচে আগে উন্মোচন করা হয়েছে বাংলাদেশ দলের নতুন হোম জার্সি। একটু ভিন্ন আঙ্গিকে ডিজাইন করা সাদা জার্সিতেই মাঠে নামবেন হামজা চৌধুরীরা।

হামজা-জামালদের নতুন হোম জার্সির রং সাদা। জার্সির নেক ও হাতের রিবে সবুজের সঙ্গে আছে লালও। এই লাল সবুজের মধ্যেই ফুটিয়ে তোলা হয়েছে বাংলাদেশের বেশ কিছু ঐতিহ্যকে।

গত মার্চে বাংলাদেশের অ্যাওয়ে জার্সি ডিজাইন করে হইচই ফেলে দিয়েছিলেন খ্যাতিমান ডিজাইনার তাসমিত আফিয়াত আর্নি। বাফুফের ক্রিয়েটিভ টিম ও মার্কেটিং বিভাগে নিয়মিত কাজ করা আর্নির হাত ধরে এবার এলো হোম জার্সিও। গত ১৫ মে উন্মোচন করা হয় নতুন এই জার্সি। জার্সিটি বাজারে এনেছে দেশীয় স্পোর্টসওয়্যার ব্র্যান্ড ‘দৌড়’।

বিজ্ঞাপন

 

May be an image of 2 people, people playing soccer and text

নতুন জার্সি উন্মোচন করলেন তাসমিত আফিয়াত আর্নি

বাংলাদেশের নতুন জার্সিতে মোটিফ হিসেবে ব্যবহার করা হয়েছে জামদানির জ্যামিতিক নকশা। জামদানির সঙ্গে আছে তিন জাতীয় বিষয়। জাতীয় পশু রয়্যাল বেঙ্গল টাইগার, জাতীয় পাখি দোয়েল ও জাতীয় মাছ ইলিশ। বাঘের মুখচ্ছবির মধ্যেই খুঁজে পাওয়া যায় দোয়েল ও ইলিশকে।

জামদানি, রয়্যাল বেঙ্গল টাইগার, দোয়েল ও ইলিশ; এই চারের সমন্বয়ে দারুণভাবেই ফুটিয়ে তোলা হয়েছে বাংলাদেশের ঐতিহ্যকে। জার্সির পেছনে সবুজ রংয়ে ছোট ক্যালিগ্রাফি করে আঁকা হয়েছে বাংলাদেশের মানচিত্রও।

বাংলাদেশের সমর্থকরা নতুন হোম জার্সিটি সরাসরি ‘দৌড়’-এর অফিশিয়াল ওয়েবসাইট থেকে কিনতে পারবেন। এর মূল্য রাখা হয়েছে ১৩৯৯ টাকা।

আগামী ১০ জুন ঢাকা জাতীয় স্টেডিয়ামে সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপের বাছাইপর্বে মাঠে নামবে বাংলাদেশ। সেই ম্যাচেই হামজা-জামালদের গায়ে দেখা যাবে নতুন এই জার্সি।

সারাবাংলা/এফএম
বিজ্ঞাপন

আরো

ফাহিম মাশরুর - আরো পড়ুন