ঢাকা: রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে নতুন ধারা বাংলাদেশ (এনডিবি) ও রাষ্ট্র সংলাপ ফোরামের (এসডিএফ) নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে নতুন ধারা বাংলাদেশের ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা ও রাষ্ট্র সংলাপের সদস্য সচিব আ ন ম আয়াসসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে শান্তা ফারজানাসহ তার দলের নেতাদের হাসপাতালের ভেতরে অবরুদ্ধ করে রাখে প্রতিপক্ষরা।
মঙ্গলবার (৪ আগস্ট) সন্ধ্যার দিকে প্রেস ক্লাবের সামনে নতুন ধারা বাংলাদেশের পক্ষ থেকে গত ১ আগস্ট শান্তা ফারজানাকে মারধরের প্রতিবাদ করছিলেন। এ সময় এসডিএফের নেতা আ ন ম আয়াশসহ বেশ কয়েকজন সেখানে গেলে তাদের মধ্যে সংঘর্ষ বাধে। এতে দুই পক্ষের অনেকেই আহত হয়।
এসডিএফের নেতারা জানান, সন্ধ্যার দিকে প্রেস ক্লাবের সামনে শান্তা ফারজানার অনুষ্ঠানে জুলাই যোদ্ধা ও বিএনপিকে নিয়ে অকথ্য ভাষায় গালাগালি করে। এ সময় তারা এর প্রতিবাদ করতে গেলে তাদের ওপর হামলা করে শান্তা ফারজানার লোকজন। এতে আয়াশসহ বেশ কয়েকজন আহত হন।
এদিকে নতুন ধারা বাংলাদেশের চেয়ারম্যান মেহেদী মোমিন জানান, গত ১ আগস্ট শান্তা ফারজানাকে মারধরের প্রতিবাদ করছিলেন। সেখানে অনেক সাংবাদিক ছিলেন। হঠাৎ করে আয়াশ লোকজন নিয়ে আমাদের ওপর হামলা করে। এ সময় তারা সাংবাদিকদের মোবাইল ফোন নিয়ে যায়। এর পর দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে তাদের নেত্রী শান্তা ফারজানাসহ অনেকেই আহত হন।
এদিকে মঞ্চ ২৪-এর আহবায়ক ফাহিম ফারুকী হাসপাতালের সামনে চিৎকার করে বলেন, ‘শান্তা ফারজানা প্রেস ক্লাবের সামনে জুলাই যোদ্ধা ও বিএনপিকে নিয়ে অকথ্য ভাষায় গালাগালি করেন। প্রতিবাদ করায় আমাদের নেতাদের ওপর হামলা করে। তাকে গ্রেফতার করতে হবে। গ্রেফতার না করা পর্যন্ত হাসপাতাল ছাড়ব না।’
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, হাসপাতালের জরুরি বিভাগে দুই পক্ষের হট্টগোল হয়। এ সময় প্রায় দেড় ঘণ্টা জরুরি বিভাগের চিকিৎসা সেবা ব্যহত হয়। রোগী ও তাদের স্বজনদের মধ্যে ভয়ভীতির সৃষ্টি হয়। বর্তামানে এক পক্ষ হাসপাতালের বাইরে ও অপর পক্ষ হাসপাতালের ভেতরে অবস্থান করছে।