নরসিংদী: দেশের সকল রাজনৈতিক গন্ডগোল আর জুলুমের রিমোট দিল্লি তথা ভারত কন্ট্রোল করছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।
শুক্রবার (১৭ জুলাই) দুপুরে নরসিংদীর শিশু একাডেমি মিলনায়তনে আয়োজিত নরসিংদী জেলা জামায়াতের (রুকন) সদস্য সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।
জামায়াত সেক্রেটারি বলেন, ‘যে কোনো সাংবিধানিক ও রাজনৈতিক বিতর্ক সংসদেই সমাধান হওয়া উচিত। বিএনপির উচিত দেশকে সংঘাতের দিকে ঠেলে না দিয়ে পার্লামেন্টে জুলাই সনদের আইনি ভিত্তির জন্য গণভোটের রায় মেনে সংস্কার কাজ করা।’
সংসদে দাবি আদায়ে ব্যর্থ হলে রাজপথে যাওয়া ছাড়া বিকল্প থাকবে না উল্লেখ করে তিনি বলেন, ‘জাতি দীর্ঘ ১৮ বছর জ্বালাও-পোড়াও, হরতাল-ধর্মঘটে অতিষ্ঠ, তাই এই পরিস্থিতি থেকে দেশকে রক্ষার দায়িত্ব এখন বিএনপির।’
শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণার বিষয়ে তিনি বলেন, ‘ফেরার বিষয়টি সরকার-আইনি ব্যাপার, সরকারই সিদ্ধান্ত নেবে। তবে জুলাই-আগস্টের নিষ্ঠুরতা ও বর্বরতার ক্ষত চিহ্ন এখনো শুকায়নি। দেশের কোটি কোটি মানুষ তাদের বর্বরতার বিচার দাবি করে। জনগণ এমন ফ্যাসিবাদী শক্তির কোনো রাজনৈতিক অধিকার চায় না।’
তিনি বলেন, ‘এই দেশের সকল রাজনৈতিক গন্ডগোল পাকানো আর জুলুম করানো সব কিছুর রিমোট কন্ট্রোল করছে দিল্লি। সমস্ত আন্তর্জাতিক আইন, বন্দি বিনিময় আইন, জেনেভা কনভেনশন লঙ্ঘন করে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে প্রযুক্তিগত সুযোগ-সুবিধা আরাম আয়েশে থাকার সুযোগ দিচ্ছে দিল্লি। আমরা সকল প্রতিবেশী দেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাই, ন্যায্য সম্পর্ক চাই।’
নরসিংদী জেলা জামায়াতে ইসলামীর সংগঠক মো. ইব্রাহিম ভুইয়ার সভাপতিত্বে সদস্য সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন এমপি, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা আ ফ ম আব্দুস সাত্তার, কর্মপরিষদ সদস্য মশিউল আলমসহ অন্যান্যরা।
এর আগে, নরসিংদী জেলার রুকনদের নিয়ে কর্মশালার আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী।