Saturday 11 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শেখ হাসিনা ফিরলে ফাঁসির দড়ি প্রস্তুত: নাহিদ ইসলাম

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১১ জুলাই ২০২৬ ১৮:৩৩

বক্তব্য দিচ্ছেন নাহিদ ইসলাম।

রংপুর: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, শেখ হাসিনা দেশে ফিরলে তার জন্য ফাঁসির দড়ি প্রস্তুত থাকবে। বিচারের মুখোমুখি না করে বাংলাদেশের জনগণ তাকে ক্ষমা করবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।

শনিবার (১১ জুলাই) বিকেলে রংপুর জিলা স্কুল মাঠে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশে এসব কথা বলেন নাহিদ ইসলাম।

সমাবেশে তিনি বিএনপিরও সমালোচনা করেন। তার অভিযোগ, বিএনপির ইতিহাস প্রতারণার ইতিহাস; এবং দলটি গণঅভ্যুত্থানের সঙ্গেও প্রতারণা করেছে। তিনি আরও অভিযোগ করেন, বিএনপি দেশ পরিচালনা, আইনশৃঙ্খলা রক্ষা এবং কর্মসংস্থান সৃষ্টিতে ব্যর্থ হয়েছে। জাতীয়তাবাদের নামে সরকার ব্যবসা করছে বলেও মন্তব্য করেন তিনি।

বিজ্ঞাপন

প্রধানমন্ত্রীর সাম্প্রতিক চীন সফরের ফলাফল ‘শূন্য’ বলে দাবি করে নাহিদ ইসলাম বলেন, সফরে তিস্তা ও রোহিঙ্গা সংকট নিয়ে কোনো কমিটমেন্ট পাওয়া যায়নি। দেশে জাতীয় ঐক্য না থাকলে কোনো দেশ সহযোগিতা করবে না বলেও মন্তব্য করেন তিনি। তার ভাষ্য, গণঅভ্যুত্থান ও সংস্কারের সঙ্গে প্রতারণা করলে কেউ সহযোগিতা করতে চাইবে না।

নাহিদ ইসলাম বলেন, গণভোটের রায় বাস্তবায়ন না হলে তারা মাঠে থাকবেন। বর্তমান সরকার সংস্কার কর্মসূচি বাস্তবায়নে ব্যর্থ হলে ১১ দলীয় জোট কঠোর আন্দোলনে যাবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

সমাবেশে বক্তারা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে ব্যর্থতা এবং বাজেটে এ প্রকল্পের জন্য বরাদ্দ না রাখার সমালোচনা করেন। তাদের অভিযোগ, নির্বাচনের আগে প্রধানমন্ত্রী তারেক রহমান রংপুরে এসে গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে জনসমর্থন কামনা করেছিলেন এবং তিস্তা প্রকল্প বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু তা বাস্তবায়িত হয়নি।

সমাবেশে সভাপতিত্ব করেন নাহিদ ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির সভাপতি কর্নেল (অব.) ড. অলী আহমদ বীর বিক্রম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা আবদুল কাইয়ুম সোবহানী, আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান অ্যাডভোকেট এ. কে. এম. আনোয়ারুল ইসলাম চাঁন, খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাসিত আজাদ, বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমির মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী এবং জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহসভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধান।

রংপুর বিভাগের আট জেলার নেতা-কর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর