ঢাকা: ভেনেজুয়েলায় স্থানীয় সময় ভোরের দিকে সংঘটিত ভয়াবহ জোড়া ভূমিকম্পে বহু মানুষের প্রাণহানি, আহত ও ব্যাপক ক্ষয়ক্ষতির সংবাদে শোক ও দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
বৃহস্পতিবার (২৫ জুন) দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার এক বিবৃতিতে এই শোক জানান।
তিনি বলেন, ‘আমি ভেনেজুয়েলার এই ব্যাপক প্রাণহানি ও সম্পদের ক্ষয়ক্ষতিতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি। নিহতদের যথাযথ মর্যাদা কামনা করছি এবং নিহতদের পরিবার-পরিজন ও আহতদের প্রতি আন্তরিক সমবেদনা প্রকাশ করছি।’
মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘ভেনেজুয়েলার জনগণ আজ এক কঠিন সময় অতিক্রম করছে। আমরা তাদের এই দুঃসময়ে ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘবে প্রয়োজনীয় মানবিক সহায়তা প্রদান ও পুনর্বাসন কার্যক্রম জোরদারে এগিয়ে আসার জন্য ভেনেজুয়েলার সরকার ও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানাচ্ছি।’
তিনি আরও বলেন, ‘আমরা আশা প্রকাশ করছি ভেনেজুয়েলার সরকার ও জনগণ শীঘ্রই তাদের এই কঠিন বিপর্যয় কাটিয়ে উঠতে সক্ষম হবেন।’