ঢাকা: ১/১১-এর সরকারের সময়ে তারেক রহমানের ওপর হওয়া নির্যাতনের বিচার চেয়েছেন সংরক্ষিত মহিলা আসনের বিএনপি’র সংসদ সদস্য শাম্মী আক্তার।
বুধবার (২৪ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম ও দ্বিতীয় অধিবেশনের ১৪তম দিন ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ দাবি জানান। ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এ অধিবেশনে সভাপতিত্ব করেন।
শাম্মী আক্তার বলেন, ‘প্রধানমন্ত্রী সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে বলেছেন যে তার মেরুদণ্ডের হাড়টি বাঁকা হয়ে জোড়া লেগেছে এবং তিনি প্রতিশোধ নিতে চান না। প্রধানমন্ত্রী প্রতিহিংসা ও প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করেন না; এটি থেকে তিনি বেরিয়ে আসতে চান যা দেশের জন্য এবং রাজনীতির জন্য একটি ইতিবাচক দিক।’
তবে প্রতিশোধ না চাওয়া মানে বিচারহীনতা নয় উল্লেখ করে তিনি বলেন, ‘১/১১-এর সরকারের সময়ে তার ওপর যে নির্যাতন সংঘটিত হয়েছে, এই ঘটনার পর্দা উন্মোচন করা হোক। এর বিচার না হলে পরবর্তীতে এই ঘটনার পুনরাবৃত্তি ঘটতে পারে।’
এ ছাড়া প্রস্তাবিত বাজেট প্রসঙ্গে তিনি বলেন, ‘নবায়নযোগ্য জ্বালানি ও কার্বন শিল্প নীতির ক্ষেত্রে এই বাজেট অত্যন্ত সময়োপযোগী। সোলার ইনভার্টার, সোলার মডিউল, লিথিয়াম ব্যাটারি, ব্যাটারি এনার্জি স্টোরেজ সিস্টেম এবং ইলেকট্রিক যানবাহন উৎপাদনের ক্ষেত্রে কর ও শুল্ক সুবিধা দেওয়া হয়েছে; যার অর্থ হলো শুধু আজকের জ্বালানি চাহিদা নয়, আগামী দিনের জ্বালানি নিরাপত্তা, পরিবেশ সুরক্ষা ও বৈদেশিক মুদ্রা সাশ্রয়ের কথাও ভাবা হচ্ছে এবং একটি দায়িত্বশীল রাষ্ট্রের জন্য এই ধরনের কৌশল অপরিহার্য।’
তিনি বলেন, ‘মুদ্রাস্ফীতি হচ্ছে বর্তমান সময়ের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। কারণ মানুষ বাজেটের টেবিল দেখে না, মানুষ সরাসরি বাজারে যায়। তাই বাজেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো উৎপাদন ব্যয় কমানো এবং সেই লক্ষ্যে কৃষি খাতে সার, বীজ, সেচ ও যান্ত্রিকীকরণে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হয়েছে।’
তিনি আরও বলেন, ‘জিংক অ্যাশ-এর ওপর আমদানি শুল্ক প্রত্যাহার, পোল্ট্রি, ডেইরি ও ফিশ ফিডের তিনটি নতুন কাঁচামালে শুল্ক এবং পোল্ট্রি যন্ত্রপাতির পাঁচটি প্রয়োজনীয় উপকরণের শুল্ক নামিয়ে আনা হয়েছে যা উৎপাদন খরচ অনেক কমাবে। উৎপাদন খরচ কমলে বাজারে সরবরাহ বাড়ে এবং সরবরাহ বাড়লে চাপ কমে, যা হচ্ছে মূল্যস্ফীতি কমানোর বাস্তব একটি পথ।’
বিরোধী দলের উদ্দেশে তিনি বলেন, ‘যারা বলেন যে সরকারের হাতে আলাদিনের আশ্চর্য চেরাগ আছে কি না, তারা যেন আলাদিনের আশ্চর্য চেরাগের চিন্তা না করে এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রীকে সর্বাত্মক সহযোগিতা করেন।’