চট্টগ্রাম: চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, ‘কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের কর্মীরা কোনো মিছিল করে না। তারা দৌড়ের প্র্যাকটিস করে, ভয়ের মধ্যে থাকে। এই ভয়ের মধ্যে থেকে কখনও তারা কিছু করতে পারবে না।’
মঙ্গলবার (২৩ জুন) সকাল থেকে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট পরিদর্শন করে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করার পর তিনি গণমাধ্যমে এ মন্তব্য করেন।
এর আগে, গতকাল সোমবার (২২ জুন) বিকেলের পর থেকে আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে নাশকতার আশঙ্কায় বন্দরনগরী চট্টগ্রামে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়।
মেয়র বলেন, ‘আমি আজ সকাল থেকেই পুরো শহর ঘুরে দেখেছি এবং কোথাও কোনো রাজনৈতিক মিছিল বা জমায়েত আমার চোখে পড়েনি। আমার মনে হয়, শহরে বিশৃঙ্খলা করা কারও উচিত নয়; কারণ বর্তমানে আমরা সবাই বেশ শান্তিতে ও সুন্দরভাবে আছি। তা ছাড়া আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্ব এখন দেশেই নেই, তারা প্রবাসে অবস্থান করছেন। এমন অবস্থায় সাধারণ মানুষকে কোনো ধরনের ঝুঁকির মধ্যে ফেলা মোটেও ঠিক নয়।’
এ ছাড়া আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি বিশেষ অনুরোধ জানিয়ে মেয়র বলেন, ‘যেন কাউকে গ্রেফতার করার আগে সঠিকভাবে পরিচয় নিশ্চিত করা হয়। কাউকে যেন সুনির্দিষ্ট কারণ ছাড়া রেন্ডমলি গ্রেফতার করা না হয় এবং কেউ যেন অহেতুক হয়রানির শিকার না হয়।’