ঢাকা: হেফাজতে ইসলামের আমির আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী বলেছেন, আজ পরিষ্কার হয়ে গেছে, আমরা এক। হেফাজতে ইসলামের মধ্যে কোনো বিভক্তি নেই।
রোববার (১৭ মে) সকালে জামিয়া ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় হেফাজত আমির আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।
সাক্ষাৎকালে শাপলা স্মৃতি সংসদ প্রকাশিত হেফাজতে ইসলামের শহিদদের জীবনী স্মারক ‘শহিদনামা’ গ্রন্থটি হাদীয়া হিসেবে দেন।
সৌজন্য সাক্ষাৎ শেষে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে মাওলানা মুহাম্মাদ মামুনুল হক বলেন, ‘বৃহত্তর রাজনৈতিক বাস্তবতা ও জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়নের লক্ষ্যে বিভিন্ন মত ও পথের রাজনৈতিক দলসমূহকে নিয়ে এগারো দলীয় নির্বাচনি ঐক্য গঠিত হয়েছে। এ ঐক্যে এমন কিছু দলও রয়েছে, যারা রাষ্ট্রক্ষমতায় ইসলাম প্রতিষ্ঠার প্রশ্নে ভিন্নমত পোষণ করে। তা সত্ত্বেও চলমান জাতীয় পরিস্থিতি মোকাবিলার স্বার্থে এই রাজনৈতিক ঐক্য গড়ে উঠেছে।’
তিনি আরও বলেন, ‘বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ বিভিন্ন দলের সঙ্গে আকিদা, বিশ্বাস ও চিন্তাগত মতপার্থক্য আগে থেকেই আছে এবং তা স্ব স্ব অবস্থানে বহাল রয়েছে। তবে এই রাজনৈতিক সমন্বয় কোনোভাবেই আকিদাগত বা আদর্শিক ঐক্য নয়; বরং বৃহত্তর জাতীয় প্রেক্ষাপটে একটি কৌশলগত রাজনৈতিক ঐক্য।’
তিনি বলেন, ‘হেফাজতে ইসলামের আমির যে কুরআন-সুন্নাহভিত্তিক চিন্তা, বিশ্বাস ও আকিদার কথা বলেন, বাংলাদেশ খেলাফত মজলিসসহ হেফাজতের শরিক সংগঠনগুলো দৃঢ়ভাবে সেই আকাবির-আসলাফের ধারাকেই ধারণ করে।’
মাওলানা মামুনুল হক বলেন, ‘হেফাজতে ইসলাম পূর্বসূরীদের আদর্শ অনুসরণ করে কুরআন-সুন্নাহর ভিত্তিতে পরিচালিত একটি ঐক্যবদ্ধ শক্তি। আগামী দিনে দেশ ও ইসলামের স্বার্থে, ইসলামের উপর দেশীয় বা আন্তর্জাতিক যেকোনো আঘাতের বিরুদ্ধে হেফাজতে ইসলাম অতীতের ন্যায় দৃঢ়তার সঙ্গে মাঠে ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ।’
এ সময় আরও উপস্থিত ছিলেন- হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমির মাওলানা সালাহউদ্দিন নানুপুরী, মাওলানা মাহফুজুল হক, মাওলানা জসিমউদ্দীন, মাওলানা আলী উসমান, যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন, সাংগঠনিক সম্পাদক মুফতি বশিরুল্লাহ প্রমুখ।