ঢাকা: দক্ষিণ কোরিয়ায় আয়োজিত ‘গওয়াংজু ডেমোক্রেসি ফোরাম ২০২৬’-এ স্পিকার হিসেবে অংশ নিচ্ছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্য সচিব সালেহ উদ্দিস সিফাত।
বৃহস্পতিবার (১৪ মে) সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
সম্মেলনটির আয়োজন করছে ‘মে ১৮ ফাউন্ডেশন’। সেখানে তিনি “তরুণদের লড়াই থেকে অভ্যুত্থান : একটি প্রজন্মগত জাগরণ” শীর্ষক বিষয়ে বক্তব্য দেবেন। এবারের সম্মেলনে নেপাল, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, মায়ানমার, মেক্সিকো ও বাংলাদেশ থেকে থেকে মোট ছয়জন তরুণ অ্যাক্টিভিস্ট ও নেতাকে বক্তা হিসেবে নির্বাচন করা হয়েছে।
এনসিপি নেতা সালেহ উদ্দিন সিফাত বলেন, তার আলোচনায় উঠে আসবে কীভাবে বাংলাদেশের তরুণরা প্রচলিত রাজনৈতিক বিন্যাসের বাইরে গিয়ে একটি স্বতন্ত্র রাজনৈতিক অবস্থান তৈরি করেছে এবং সেই প্রক্রিয়ার মধ্য দিয়ে গণঅভ্যুত্থান ও গণতান্ত্রিক রাষ্ট্রকাঠামো নির্মাণে সংগঠিত হয়েছে। বক্তব্যে বিচার, প্রাতিষ্ঠানিক সংস্কার, মানবাধিকার প্রতিষ্ঠা, গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের সংগ্রাম এবং দক্ষিণ এশিয়ায় রাষ্ট্রিক ও আঞ্চলিক ভিশন নিয়ে আলোকপাত করা হবে।
ফোরামে অংশগ্রহণ প্রসঙ্গে সিফাত বলেন, আমি সেখানে যাচ্ছেন শহিদ আবরার ফাহাদ, আবু সাঈদ, মীর মুগ্ধ, ওয়াসিম, সাইদুল ইসলাম শাহী, শ্রাবণ, ইকরাম এবং সীতাকুণ্ডের বাবু ভাইদের কথা বিশ্ব দরবারে তুলে ধরতে। দক্ষিণ কোরিয়া সফরকালে সম্মেলনে অংশগ্রহণের পাশাপাশি এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্সের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নিব।
ইতোমধ্যে ভিন্ন একটি আমন্ত্রণে কোরিয়ায় অবস্থান করছেন এনসিপি মুখপাত্র আসিফ মাহমুদ এবং সিউলে অনুষ্ঠিতব্য ডায়াস্পোরা অ্যালায়েন্সের মতবিনিময় সভায় তারা উভয়েই উপস্থিত থাকবেন।
উল্লেখ্য, ‘মে ১৮ ফাউন্ডেশন’ মূলত ১৯৮০ সালে দক্ষিণ কোরিয়ার গুয়াংজু শহরের গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে গড়ে ওঠা ভিক্টিম ও ভেটেরানদের একটি প্রভাবশালী আন্তর্জাতিক সংগঠন।