Wednesday 13 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হামে আক্রান্ত শিশুর চিকিৎসার দায়িত্ব নিলেন ডা. জুবাইদা

স্পেশাল করেসপন্ডেন্ট
১৩ মে ২০২৬ ২৩:৩৩

হামে আক্রান্ত শিশুর চিকিৎসার দায়িত্ব নিলেন ডা. জুবাইদা রহমান। ছবি: সংগৃহীত

ঢাকা: ‘হামে ৬ মাসের শিশুর অবস্থা গুরুতর, মায়ের কাছে টাকা নেই, জানেন না কী করবেন’ শীর্ষক একটি খবর গণমাধ্যমে প্রকাশিত হলে বিষয়টি জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ)-এর বোর্ড অব ডিরেক্টরস কমিটির সম্মানিত ভাইস-প্রেসিডেন্ট ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান ‘সুরভি’র অন্যতম সংগঠক ডা. জুবাইদা রহমানের দৃষ্টিগোচর হয়।

এর পর অসুস্থ শিশু নূর নাহারের চিকিৎসা এবং পরিবারটির সার্বিক খোঁজখবর নেওয়ার নির্দেশ দেন ডা. জুবাইদা রহমান। সেইসঙ্গে বিষয়টি তদারকির দায়িত্ব দেন স্বেচ্ছাসেবী সংগঠন ‘আমরা বিএনপি পরিবার’কে।

এরই ধারাবাহিকতায় বুধবার (১৩ মে) বিকেল সাড়ে ৫টায় রাজধানীর মহাখালী সংক্রামক ব্যাধি হাসপাতালে ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল যান। সেখানে গিয়ে শিশু নূর নাহারের মা স্বর্ণা আক্তারের সঙ্গে যোগাযোগ করে শিশুটির চিকিৎসার খোঁজখবর নেয় এবং প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা নিশ্চিতের উদ্যোগ নেন। প্রতিনিধি দলটি অসহায় পরিবারটির পাশে থাকার আশ্বাস দেন এবং শিশুটির উন্নত চিকিৎসার ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানায়।

বিজ্ঞাপন

এ সময় উপস্থিত ছিলেন– ‘আমরা বিএনপি পরিবার’র সদস্য মাসুদ রানা লিটন, ড্যাব কেন্দ্রীয় কমিটির আইনবিষয়ক সম্পাদক ডা. এম আর হাসান, আব্দুল্লাহ আল মিসবাহ, মশিউর রহমান মহান প্রমুখ।

প্রকাশিত সংবাদ অনুযায়ী, কেরানীগঞ্জের বাসিন্দা স্বর্ণা আক্তারের ৬ মাস বয়সী কন্যাশিশু নূর নাহার হাম ও নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে রাজধানীর মহাখালী সংক্রামক ব্যাধি হাসপাতালে ভর্তি রয়েছে। দীর্ঘদিন ধরে জ্বর, ঠাণ্ডা, কাশি ও শ্বাসকষ্টে ভোগা শিশুটির শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যানুযায়ী, ৬ মাস বয়সী শিশুর স্বাভাবিক ওজন যেখানে ৭ থেকে ৯ কেজি হওয়ার কথা, সেখানে নূর নাহারের ওজন নেমে এসেছে মাত্র ৩ কেজিতে। এ অবস্থায় শিশুটির মা স্বর্ণা আক্তার চরম আর্থিক সংকট ও পারিবারিক অবহেলার মধ্যে একাই সন্তানের চিকিৎসা চালিয়ে যাচ্ছেন। হাসপাতালের খরচ বহন করতে না পেরে তিনি প্রতিবেশীর কাছ থেকে টাকা ধার করে হাসপাতালে আসেন।

এমনকি চিকিৎসার মাঝপথে অর্থাভাবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকেও ফিরে যেতে বাধ্য হন স্বর্ণা। মা ও শিশু দু’জনই মানবেতর অবস্থার মধ্যে দিন কাটাতে থাকেন। অবশেষে তাদের প্রতি সহায়তার হাত বাড়িয়ে দিল ‘আমরা বিএনপি পরিবার’।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর