ঢাকা: জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দেওয়ার মাত্র দু’দিনের মাথায় দলটির ঢাকা মহানগর দক্ষিণ শাখার আহ্বায়ক মনোনীত হয়েছেন যুবদলের বহিষ্কৃত নেতা ইসহাক সরকার।
রোববার (২৬ এপ্রিল) বিকেলে এনসিপির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই কমিটি ঘোষণা করা হয়।
ঘোষিত ৬৫ সদস্যের এই কমিটিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ পদ পেয়েছেন। কমিটিতে জাতীয় পার্টির সাবেক কেন্দ্রীয় নেতা তারেক আহমেদ আদেলকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এ ছাড়া, ঢাকা মহানগর দক্ষিণের আগের কমিটিতে সদস্য সচিবের দায়িত্ব পালন করা এসএম শাহরিয়ারকে নতুন কমিটিতেও সদস্য সচিব করা হয়েছে।
এর আগে, গত ২৪ এপ্রিল রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বিশাল মিছিল নিয়ে এনসিপিতে যোগ দেন যুবদলের বহিষ্কৃত সাবেক সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকার। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৭ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।
তবে ওই নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে প্রার্থী হওয়ায় যুবদল থেকে তাকে বহিষ্কার করা হয়। নির্বাচন পরবর্তী সময়ে নিজের বহিষ্কার ও আওয়ামী লীগ আমলের নির্যাতনের কথা তুলে ধরে সম্প্রতি তাকে জনসম্মুখে আবেগপ্রবণ হতেও দেখা গেছে।