ঢাকা: সরকারের উদ্দেশে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, গণভোটে ৫১ শতাংশ মানুষের রায় আপনারা মানেন, কিন্তু ৭০ শতাংশ মানুষের রায় মানেন না— এটা অত্যন্ত দুঃখজনক। ক্ষমতায় বসে বিএনপি তাদের ৩১ দফাও ভুলে গেছে।
শনিবার (২৫ এপ্রিল) দুপুরে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামী আয়োজিত সমাবেশে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, বিএনপি প্রতিটি বিষয়ে পালিয়ে যাওয়া ফ্যাসিবাদের রাস্তা ধরে হাঁটছে। আপনারা হাজার চেষ্টা করলেও ওই আওয়ামী লীগ হতে পারবেন না, বড়জোর দুর্বল আওয়ামী লীগ হতে পারবেন। আওয়ামী লীগ এক সময় পুরো জাতিকে নিয়ে কিংবা বিরোধী দলকে নিয়ে ব্যঙ্গ-বিদ্রূপ করত, আজ তাদের কী দশা? আপনারা ঠিক একই কাজ শুরু করেছেন।
শফিকুর রহমান বলেন, গণভোটের রায় না মানলে সংসদের ভেতরে-বাইরে লড়াই চলবে। সংসদে আমরা প্রথম দিনে দাবি তুলেছি, আমরা শপথ নিয়েছি, তারা শপথ নেন নাই। জাতির সঙ্গে দেওয়া ওয়াদা ভঙ্গ করে তারা প্রতারণা করেছে। এরপরে যখন জাতিকে প্রতারিত করা হয়েছে, আমরা নোটিশ দিয়ে আলোচনার ব্যবস্থা করেছি। তারা তার বিরোধিতা করেছে। যে আইনগুলো সংশোধন না হলে অধ্যাদেশ বাস্তবায়ন না হলে, ফ্যাসিবাদী শাসনের পরিবর্তন হবে না।
জামায়াত আমির বলেন, এ বাংলাদেশ আমরা চাই না। আমরা পরিবর্তনের বাংলাদেশ চাই। যেই বাংলাদেশে শিশু যখন ঘর থেকে বের হবে, কিশোর যখন বের হবে, যুবক যুবতীরা বের হবে, আমার মা বোনেরা বের হবে, তখন কারো বুক কাঁপবে না। নিরাপত্তার সঙ্গে বের হবে। আমরা শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের সন্তানদের হাতে দা কুড়াল দেখতে চাই না। আমরা খাতা এবং কলম দেখতে চাই। আমরা কোনো আদুভাই, দাদুভাই, শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে আমাদের সন্তানদের পথ আটকাবে আমরা এটা দেখতে চাই না।
জুলাই শহিদ পরিবার ও জুলাইযোদ্ধাদের নিয়ে আয়োজিত এই সমাবেশে অন্যদের মধ্যে উপস্থিত বক্তব্য দেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, এলডিপির চেয়ারম্যান ড. কর্নেল অলি আহমদসহ ১১দলীয় ঐক্য’র শীর্ষ নেতারা।