Friday 24 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আমরা দোষারোপের রাজনীতি থেকে বের হতে চাই: আইনমন্ত্রী

ইবি করেসপন্ডেন্ট
২৪ এপ্রিল ২০২৬ ২২:০৭

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান।

ইবি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান বলেছেন, আমরা দোষারোপের রাজনীতি থেকে বের হতে চাই। আমরা একটি সঠিক বাংলাদেশ গড়ে তোলার জন্য যে উদ্যোগ নিয়েছি, সেই পথ ধরেই এগিয়ে যেতে চাই। বাস্তবতায় কিছু হানাহানি ও রক্তপাত থাকতে পারে, তবে আমরা ঐক্য, সহযোগিতা ও উন্নয়নের পথেই অগ্রসর হতে বদ্ধপরিকর।

শুক্রবার (২৪ এপ্রিল) সন্ধ্যায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে বৃহত্তর কুষ্টিয়া অফিসার্স কল্যাণ ফোরাম আয়োজিত ‘কেমন দক্ষিণ-পশ্চিমাঞ্চল চাই’ শীর্ষক উন্নয়ন সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

আইনমন্ত্রী বলেন, ‘এরইমধ্যে আপনারা দেখেছেন, পার্লামেন্টে বিদ্যুৎ সংকট ও মধ্যপ্রাচ্যের পরিস্থিতি কীভাবে নিরসন করা যায়, সে বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার উদ্যোগে এবং বিদ্যুৎমন্ত্রীর নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে। ১০ সদস্যবিশিষ্ট ওই কমিটিতে আমাদের দলের পাঁচজন এবং বিরোধী দলের পাঁচজন সদস্য রয়েছেন। এর মাধ্যমে একটি সমন্বিত ও কার্যকর উদ্যোগ গ্রহণ করা হয়েছে, যা দেশের স্বার্থে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

তিনি আরও বলেন, ‘ঝিনাইদহ, মেহেরপুর, কুষ্টিয়া ও চুয়াডাঙ্গা—এই চার জেলায় যদি আমরা সৌরভিত্তিক বিদ্যুৎ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হতে পারি, তাহলে দেশে বিদ্যুতের ঘাটতি অনেকাংশে দূর হবে এবং কৃষিখাতে একটি বড় ধরনের বিপ্লব ঘটানো সম্ভব হবে। এই অঞ্চলকে কেন্দ্র করে আমাদের একটি স্বপ্নের মহাপরিকল্পনা রয়েছে।’

অনুষ্ঠানে বৃহত্তর কুষ্টিয়া অফিসার্স কল্যাণ ফোরামের সভাপতি সিনিয়র সচিব (পিআরএল) ড. খ. ম. কবিরুল ইসলামের সভাপতিত্বে গেস্ট অব অনার ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকিব মোহাম্মদ নসরুল্লাহ।

এ সময় কুষ্টিয়া-১ আসনের সংসদ সদস্য রেজা আহমেদ, কুষ্টিয়া-২ আসনের সংসদ সদস্য আব্দুল গফুর, কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য আমির হামজা, কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য আফজাল হোসেন, চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল, চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ রুহুল আমিন, মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য তাজউদ্দিন খান, মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য নাজমুল হুদা, ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য আলী আজম মোহাম্মদ আবু বকর, ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য মতিয়ার রহমান এবং ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবু তালিবসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।