Friday 24 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ছাত্রদল বিএনপি সরকারকে খাঁদের কিনারায় নিয়ে যাচ্ছে: আব্দুল হালিম

স্পেশাল করেসপন্ডেন্ট
২৪ এপ্রিল ২০২৬ ২১:৪৮

ঢাকা: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম বলেছেন, সরকারদলীয় ছাত্র সংগঠন পরিকল্পিতভাবে মব সৃষ্টি করছে। ছাত্রদল যেভাবে চট্টগ্রাম সিটি কলেজে ছাত্রদের ওপর রামদা নিয়ে হামলা চালিয়েছে, প্রকাশ্যে অস্ত্রের ঝনঝনানি দেখিয়েছে এতে মনে হয় ছাত্রদল বিএনপি সরকারকে খাঁদের কিনারায় নিয়ে যাচ্ছে।

শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী চকবাজার-বংশাল জোনের অগ্রসর কর্মী শিক্ষা শিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাওলানা আব্দুল হালিম বলেন, সরকার নিজেদের ছাত্র সংগঠনের মাধ্যমেই ছাত্র সমাজকে ক্ষিপ্ত করে তুলছে। চট্টগ্রামের ঘটনার পর সরকার যদি জিরো টলারেন্স নীতি অবলম্বন করে ছাত্রদলের সন্ত্রাসীদের আটক করতো তবে ডাকসু নেতাদের থানার ভেতরে হামলা করার সাহস ছাত্রদলের সন্ত্রাসীরা দেখাতে পারতো না। সরকারদলীয় নেতাকর্মীরা একের পর এক মব সৃষ্টি করে যাচ্ছে আর সরকার নিরব দর্শকের ভূমিকা রেখে মব সন্ত্রাসকে আশ্রয়-প্রশয় দিচ্ছে।

বিজ্ঞাপন

তিনি উপস্থিত কর্মীদের উদ্দেশ্যে বলেন, জামায়াতে ইসলামী ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠায় কাজ করছে। জামায়াত কোনো অন্যায়ের কাছে মাথানত করেনি, করবে না। জনগণের অধিকার প্রতিষ্ঠায় জামায়াতে ইসলামী গণতান্ত্রিক আন্দোলন সংগ্রাম চালিয়ে যাবে। কোনো অপশক্তিকে জনগণের ঘাড়ে চেপে বসতে দেওয়া হবে না।

তিনি বলেন, জনগণ পরিবর্তন চায়, জনগণ সংস্কার চায়। সংশোধনের নামে জনগণ অতীতের মতো আর কোনো ধোঁকায় পড়তে চায় না। অতীতে বহুবার সংবিধান সংশোধন করা হয়েছে। আর সেই সংশোধন জনগণের স্বার্থে হয়নি, সংশোধন হয়েছে সরকারের ক্ষমতা বৃদ্ধি করতে। তাই আর সংশোধন নয় এবার গণভোটের জনরায় মেনে সংবিধান সংস্কার করতে হবে। জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে হবে। এর কোনো বিকল্প নেই।

অনুষ্ঠানের প্রধান আলোচক ঢাকা মহানগরী দক্ষিণের আমির মো. নূরুল ইসলাম বুলবুল এমপি বলেন, শিক্ষাঙ্গণে সন্ত্রাস, সর্বস্তরে চাঁদাবাজি, লুটপাট, দখল, জবরদখল করে সরকার আবারও দেশে একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করতে চায়। সরকারের ব্যর্থতা ঢাকতে পরিকল্পিতভাবে ছাত্রদলের সন্ত্রাসীদের দিয়ে সরকার মব সৃষ্টি করে জনগণের দৃষ্টি ভিন্নখাতে নেওয়ার চেষ্টা করছে। কিন্তু জনগণ সরকারের ফাঁদে পা দেবে না। সরকারকে সোজা পথে আনতে যা করণীয় জনগণ তা গণতান্ত্রিকভাবেই করবে।

ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি, চকবাজার-বংশাল জোন পরিচালক মুহাম্মদ দেলাওয়ার হোসেনের সভাপতিত্বে এবং সহকারী জোন পরিচালক এস এম আহসান উল্লাহ’র পরিচালনায় অনুষ্ঠিত শিক্ষা শিবিরে আরও বক্তব্য দেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি ড. আব্দুল মান্নান। এছাড়াও চকবাজার-বংশাল জোনের সকল থানা আমীর-সেক্রেটারী সহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এমএমএইচ/এসএস
বিজ্ঞাপন

উখিয়ায় ২০ হাজার ইয়াবা উদ্ধার
২৪ এপ্রিল ২০২৬ ২২:১৭

আরো

সম্পর্কিত খবর