ঢাকা: গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে আগামীকাল শুক্রবার (২৪ এপ্রিল) বাদ জুমা অনুষ্ঠিতব্য গণসমাবেশকে সফল করার লক্ষ্যে খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের ঢাকাস্থ সদস্যদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেল ৪টায় দলের কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
মাওলানা মামুনুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত এ বৈঠক পরিচালনা করেন মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ।

বৈঠকে নেতারা গণসমাবেশকে সফল করতে সার্বিক প্রস্তুতির অগ্রগতি পর্যালোচনা করেন এবং শেষ মুহূর্তের করণীয় বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
বৈঠকে মাওলানা মামুনুল হক বলেন, জনগণের প্রত্যাশা ও আকাঙ্ক্ষার প্রতিফলন হিসেবে গণভোটের যে রায় এসেছে, তা বাস্তবায়ন করা এখন সময়ের অপরিহার্য দাবি। এই প্রেক্ষাপটে ২৪ এপ্রিলের গণসমাবেশকে ঐক্যবদ্ধ গণআন্দোলনে রূপ দিতে হবে।
তিনি আরও বলেন, দেশের সর্বস্তরের মানুষ এরইমধ্যে এ দাবির প্রতি তাদের সমর্থন ব্যক্ত করেছে। গণমানুষের সেই অভিন্ন প্রত্যাশাকে সুসংগঠিত শক্তিতে রূপান্তর করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে মাঠে নামতে হবে।
বৈঠকে সংশ্লিষ্ট সকল স্তরের নেতাকর্মীদের প্রতি দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয় এবং রাজধানীসহ দেশব্যাপী দলীয় ও সাধারণ জনগণকে দলে দলে গণসমাবেশে অংশগ্রহণের জন্য আহ্বান জানানো হয়।
বৈঠকে আরও জানানো হয়, গণসমাবেশে বাংলাদেশ খেলাফত মজলিসের শীর্ষ নেতৃবৃন্দ ছাড়াও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা, বিরোধী দলীয় চীফ হুইপ, ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারাসহ বিভিন্ন রাজনৈতিক দল ও শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ বক্তব্য দেবেন।